ধামইরহাটে আলু সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক
নওগাঁর ধামইরহাট উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাদন ব্যবসায়ীদের চাপ ও হিমাগারের অভাবে পানির দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় এক হাজার ৫৯০ হেক্টর জমিতে আলুর ফলন হয়েছে। শ্যামপুর গ্রামের আলুচাষি জামান জানান, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে চড়া মূল্যে আলু বীজ কিনে চাষ করতে হয়েছে। ৮০ শতক জমিতে আলু চাষে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। আলু উৎপন্ন হয়েছে ২০০ মণ। বর্তমান বাজারে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দরে প্রতি মণ আলু বিক্রি করতে হচ্ছে। এলাকার চাষিরা জানান, ধামইরহাট উপজেলায় কোনো হিমাগার না থাকায় পার্শ্ববর্তী জয়পুরহাট জেলায় আলু রাখতে গিয়ে তাঁদের ভোগান্তির শিকার হতে হয়। অনেক আগে থেকে সেখানে বুকিং দিলেও চাহিদা মোতাবেক সংরক্ষণ করা সম্ভব হয় না। এ জন্য পানির দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। তাতে অধিকাংশ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীদের পাওনা মিটিয়ে চাষিদের লাভের বদলে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। সংরক্ষণের জন্য স্তূপ করে রাখা আলুর বেশির ভাগ নষ্ট হওয়ায় তাঁরা বাড়তি লোকসানের সম্মুখীন হচ্ছেন। উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরকারিভাবে উপজেলায় হিমাগার না হলেও বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।