ধামইরহাটে দুই মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর
নওগাঁর ধামইরহাট থানা ভবন থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত কেন্দ্রীয় বারোয়ারি দুর্গামন্দির ও তার পাশেই বাসুদেবমন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।মন্দির কমিটির সভাপতি বিমল কর্মকার জানান, বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে প্রতিদিনের মতো পূজা করার জন্য দুর্গামন্দিরে গিয়ে লক্ষ্মী-সরস্বতী প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বাসুদেবমন্দিরে গিয়ে রাধা-গোবিন্দ, পঞ্চদত্ত ও গোপালসহ আটটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখা যায়। সংবাদ পেয়ে ধামইরহাটের ইউএনও তাছলিমা খাতুন, পৌরসভার মেয়র আমিনুর রহমান ও থানার ওসি একরামুল হক সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।তাছলিমা খাতুন জানান, পুলিশকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একরামুল হক সরকার জানান, বিমল কর্মকারের একটি জিডি গ্রহণ করা হয়েছে। তিনি মামলাও করতে পারেন। বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির ধামইরহাট উপজেলা শাখার সভাপতি বৈদ্যনাথ কর্মকার ও সাধারণ সম্পাদক রামজনম রবিদাস প্রতিমা ভাঙচুরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।