ধামইরহাটের মৃৎশিল্প অস্তিত্ব সংকটে

রামায়ণ প্রসাদ পালের দাদার বড় ভাই মৃত দীপ নারায়ণ পাল একজন ভালো মৃৎশিল্পী ছিলেন। পূর্বপুরুষের জন্মস্থান ছিল ভারতের বিহারের। পিতা মৃত শিউল প্রসাদ পাল ছয় ভাইকে সঙ্গে নিয়ে নওগাঁর ধামইরহাটের মাটিতে মৃৎশিল্পের কাজ করেন। গৃহস্থালি কাজে ব্যবহৃত বাহারি নকশার আসবাব তৈরি করে এলাকায় সুনাম অর্জন করেন। সেই থেকে তাদের আর পেছনের দিকে তাকাতে হয়নি। তবে বর্তমানে সে অবস্থা আর নেই।
রামায়ণ প্রসাদ পালেরে বয়স ৮৫ বছর। এই বয়সে নানা অসুখ-বিসুখে জরাজীর্ণ। তিন ছেলের একজন এ পেশায় আছেন।
রামায়ণ প্রসাদ পাল বলেন, ‘আমি এখন আমার বংশের ১৪তম পুরুষের হাল ধরে আছি। আমার তিন ছেলে। বড় ছেলে মহেশ কুমার পাল, ছোট ছেলে সঞ্জয় কুমার পাল। ছেলেদের এ শিল্পকে টিকিয়ে রাখতে মাঠির কাজ করতে বললেই বলে বাবা, বর্তমানে মাটির জিনিস তৈরি করে আমাদের জীবনসংসার চলবে না। তোমাদের সময় এর কদর ছিল, সম্মান ছিল, আর এখন? প্রয়োজনে মাঠে কাজ করব, ভ্যান–রিকশা চালাব বলে এড়িয়ে যেত। তবে আমার দ্বিতীয় ছেলে সন্তোষ কুমার পাল বংশের একমাত্র শেষ ভরসা, কেবল সেই আমার ১৪ পুরুষের হাল ধরে আছে।
ভারাক্রান্ত কণ্ঠে রামায়ণ প্রসাদ পাল বলেন, ‘কী আর বলি! আমাদের পূর্বপুরুষেরা শৈশব থেকেই মৃৎশিল্পের কারিগর। আমি এবং আমার বড় ভাই দুজনেই বাবার কাছ থেকে এ শিল্পের কাজ শিখি। বর্তমান সময়ে অভাবের তাড়নায় বউ–বাচ্চা নাতি–পুতিদের নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি। ইজ্জতের ভয়ে এত কষ্টের মাঝেও কারও কাছে হাত পাতাইনি। একসময় গৃহস্থালি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মাটির জিনিসপত্রের কদর ছিল, উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে নিম্ন শ্রেণির মানুষ তাদের ঘর সাজাতেন বাহারি রঙের মাটির ফুলদানি, ব্যালকনি বা ছাদের ওপরে শোভা পেত ফুলের টব, কুপি, ভাপা পিঠা বানাতে মাটির খুরি, মাটির ঢাকনা, শো–কেসে শোভা পেত বাচ্চাদের হরেক রকমের খেলনা পুতুল, হরিণ, ঘোড়া, বদনা, মসলাবাটা বাটি, মাটির কলসি ইত্যাদি। পান্তা-ইলিশের মাটির থালা ছাড়া বৈশাখ মাসে নববর্ষের শুভেচ্ছা বিনিময় কখনো ভাবাই যেত না। প্রতিদিন ক্রেতা এসে এগুলো কিনে নিয়ে যেত। দিনে অন্তত পক্ষে দু-চার হাজার টাকা বেচাকেনা হতো, দিব্যি সংসার চলত।’
রামায়ণ প্রসাদ পাল বলেন, বর্তমান আধুনিক বিশ্বে শহরের সঙ্গে সঙ্গে গ্রামের মানুষও যান্ত্রিক হয়ে গেছে। যান্ত্রিক জিনিস ব্যবহারের কারণে মানুষের শরীরে বাসা বাঁধছে নানা ধরনের মরণব্যাধি অসুখ। পরিবেশও হয়েছে দারুণভাবে বিপর্যস্ত। অথচ মানুষ ছুটছে সেগুলোর পেছনে। প্লাস্টিক, মেলামাইন, সিলভার আর স্টিলের জিনিসপত্র কিনলেও পরিবেশবান্ধব মাটির জিনিসপত্র মানুষ আর কিনছে না, বিক্রিও কমে গেছে। সে কারণেই বেকার হয়ে পড়ছে আমাদের পরিবার। এই অবস্থা চলতে থাকলে দেশ থেকে বাঙালির হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প একদিন মাটির সঙ্গে মিশে যাবে। বিভিন্ন প্রণোদনা দিয়ে এ শিল্পকে টিকে রাখতে এখনই সরকারের কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত।
শিল্পীর জাদুকর রামায়ণ প্রসাদ পাল আলাপচারিতার একপর্যায়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি আক্ষেপ করে বলেন, শুধু বৈশাখ এলেই সাহেব বাবুদের আমাদের কথা মনে পড়ে। কারণ, বিশেষ করে পান্তা-ইলিশে তাদের মাটির থালা দরকার হয়! অথচ আমি এবং আমার চৌদ্দ পুরুষ দু-হাত দিয়ে বাঙালির ঐতিহ্য মৃৎশিল্পকে বুকে লালন–পালন করে আসছি।
কথাগুলো বলতে বলতে রামায়ণ প্রসাদ পাল আবেগে কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমার দ্বিতীয় ছেলে সন্তোষ কুমার পাল এই বংশের একমাত্র শেষ বাতি। সরকার আমাদের দিকে সুনজর না দিলে আমার এই বাতি টিপটিপ করে জ্বলতে জ্বলতে একদিন নিভে যাবে।’