২০ লাখ টাকার গাড়ি চালাবেন আর ২০ টাকা চাঁদা দেবেন না, এটা মেনে নেওয়া যায় না। আরে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করলেই টাকা দেবে। ঢাকা-সাটুরিয়া সড়কের ঢাকার ধামরাইয়ের বাসনা এলাকায় অবস্থান নিয়ে একদল যুবক একটি চলন্ত ট্রাক থামানোর পর চাঁদা চেয়ে না পেয়ে চালকের উদ্দেশে এসব কথা বলেন। এ চিত্র শুধু বাসনা এলাকারই নয়। সড়কটির মধুডাঙ্গা, মহিশাষি, বাটুলিয়া ও রাবরাবন এলাকাসহ সাটুরিয়া-গোলরা এবং কালামপুর-ধামরাই সড়কের বিভিন্ন স্থানে একই কায়দায় যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে কয়েক দিন ধরে। স্থানীয় সূত্র জানায়, কয়েকটি দলে ভাগ হয়ে বেশ কিছু কিশোর ও যুবক লাল ফিতা ও ‘বিজয়ে’র প্রতীক কাপ হাতে কালামপুর-সাটুরিয়া, কালামপুর-ধামরাই এবং সাটুরিয়া-গোলরা সড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে থাকেন। যানবাহন আসতে দেখলেই তাঁরা লাল ফিতা হাতে দাঁড়িয়ে যান সড়কের ওপর। তাঁদের প্রতিবন্ধকতার কারণে যানবাহন থেমে গেলে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করেন তাঁরা। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহন আটকে রেখে জোর করে চাঁদা আদায় করা হয়। অথবা চালকদের উদ্দেশে বাজে মন্তব্য করে যানবাহন ছেড়ে দেওয়া হয়। গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, একদল যুবক কালামপুর-সাটুরিয়া সড়কের বাসনা এলাকায় অবস্থান নেন। বেলা দেড়টার দিকে সেখানে দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় ওই যুবকেরা সড়কে অবরোধ সৃষ্টি করে ট্রাকটি থামিয়ে চাঁদা দাবি করেন। চালক টাকা নেই বলে জানালে যুবকেরা তাঁকে নানাভাবে তিরস্কার করেন। তবে এর পর কিছু সময়ের মধ্যে তাঁরা অর্ধশতাধিক যানবাহন থেকে চাঁদা আদায় করেন। জানতে চাইলে সুমন, রহমান ও লিয়াকত নামের তিনজন জানান, ফুটবল খেলে তাঁরা বিজয়ী হয়েছেন। বিজয় উপলক্ষে আয়োজিত আনন্দ উৎসবের জন্য তাঁরা চাঁদা তুলছেন।তবে বাসনার পঞ্চানন্দ ঘোষ জানান, কয়েক দিন ধরেই কতিপয় যুবক বিজয় উৎসব করার নামে চাঁদা আদায় করছেন। মোটরসাইকেল চালকেরাও রেহাই পাচ্ছেন না তাঁদের কাছ থেকে। অটোরিকশাচালক আরফান, বাসচালক নুরুল ইসলাম ও ব্যক্তিগত গাড়ির চালক বাহাজ উদ্দিনসহ বেশ কয়েকটি যানবাহনের চালক অভিযোগ করেন, খেলা না হলেও কাপ আর লাল ফিতা হাতে সড়কে দাঁড়িয়ে পড়ছে যুবক আর কিশোরেরা। এরপর যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে। যোগাযোগ করা হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, ‘এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পেলেও পুলিশ পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’