ধামরাই উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত
ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধামরাই থানার একটি নাশকতার মামলায় তমিজ উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর গত ৮ ডিসেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে ১০ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন তমিজ উদ্দিন। শুনানি শেষে তমিজ উদ্দিনের বরখাস্তের আদেশ স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক ও ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।