ধামরাই ও আশুলিয়ায় দুই নারী খুন
ঢাকার ধামরাই ও আশুলিয়ায় গতকাল বুধবার দুই নারীর লাশ পাওয়া গেছে। তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।নিহত ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার অর্জুনালাই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে রওশন আরা (৩৬) এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের কালামের স্ত্রী তানিয়া আক্তার (২৬)। কালাম ও তানিয়া আশুলিয়ার কুড়গাঁও এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।ধামরাই থানার পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে ধামরাইয়ের গাড়াইল গ্রামের টিপু মিয়ার সঙ্গে রওশন আরার বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে বছর দশেক আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর রওশন আরা অর্জুনালাই গ্রামে বাবার বাড়ি চলে যান। সেখানে থেকে অন্যের বাড়িতে কাজ করতেন তিনি।পরিবার জানায়, রওশন আরা বাবার বাড়িতে থাকলেও টিপু মাঝেমধ্যে এসে তাঁর সঙ্গে দেখা করতেন। গত সোমবার টিপু অসুস্থতার কথা বলে রওশন আরাকে ধামরাইয়ের কাওয়ালিপাড়ায় নিয়ে যান। এরপর আর রওশন আরা বাসায় ফেরেননি। গতকাল সকালে অর্জুনালাই গ্রামের ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়। রওশন আরার বাবা জালাল উদ্দিন অভিযোগ করেন, তাঁর মেয়ের একসময়ের স্বামী টিপুই তাঁকে কৌশলে নিয়ে হত্যা করেছেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নমুনা দেখে মনে হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জালাল উদ্দিন টিপুসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।এদিকে আশুলিয়া থানার পুলিশ জানায়, বেলা দুইটার দিকে লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কুড়গাঁও এলাকার বাড়িতে যায়। ওই বাড়ির একটি কক্ষে খাটের ওপর পোশাকশ্রমিক তানিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, তানিয়ার গলায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবুল কালাম পলাতক। তানিয়ার বাবা বছর উদ্দিন অভিযোগ করেন, ‘কালাম মাঝেমধ্যেই তানিয়াকে নির্যাতন করত। কালামই শ্বাসরোধে তানিয়াকে হত্যা করেছে।’আশুলিয়া থানার ওসি এস এম বদরুল আলম বলেন, হত্যার বিষয়টি নিশ্চিত না হওয়ার কারণে আপাতত অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।