ধামরাই ও মানিকগঞ্জে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের জয়পুড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। মানিকগঞ্জে গতকাল ভোরে বাসায় চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক নারী।
ধামরাই: বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকার ধামরাইয়ের জয়পুড়া এলাকায় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস ইটবোঝাই ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী দুমড়ে-মুচড়ে যাওয়া বাসে আটকা পড়েন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা চালান। বাসের বিভিন্ন অংশ কেটে এক এক করে বের করে আনা হয় যাত্রীদের। তবে বাসের মধ্যেই খুলনার সেনবাগের ওবায়দুল হক (৭০) ও সাতক্ষীরার জামতলী এলাকার লাইলী বেগম (৩৮) মারা যান। হাসপাতালে নেওয়ার পথে সাতক্ষীরা সদর উপজেলার শহীদুল ইসলাম (২২) ও কালীগঞ্জের সামসুর রহমান (৪৫) মারা যান। আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মানিকগঞ্জ: পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল ভোরে চলন্ত বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হাবিবা সিদ্দিকী (৩২) নামের এক নারী নিহত হন। তিনি ঢাকার দক্ষিণ দনিয়া নূরপুর এলাকার খালেদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে তাঁর ছেলে মুমতাহিনা রামিম (৪) ও ভাই এজাজ হোসেন (৩০)।