ধামরাই ও শিবালয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে শ্রমিক বহনকারী একটি বাস খাদে পড়ে তিন নারী নিহত ও ৫৮ জন আহত হয়েছেন৷ একই দিন মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন৷
নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের কেলিয়া এলাকার জাহানারা বেগম (৩১) ও জয়পুরা গ্রামের অর্চনা রানি শীল (৩২), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের রওশন আরা বেগম (৩১) ও মানিকগঞ্জের ঘিওর উপজেলার কালা চাঁদপুর গ্রামের পরেশ আলীর ছেলে আবদুস সাত্তার (২৮)৷
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ভোরে ধামরাইয়ের ইসলামপুর থেকে শ্রমিকদের নিয়ে একটি বাস ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিকসের কারখানায় যাচ্ছিল৷ পৌনে ছয়টার দিকে ডাউটিয়া বাসস্ট্যান্ডের কাছে বাসটি অন্য একটি বাসকে জায়গা দিতে পাশের খাদে পড়ে যায়৷ এতে ঘটনাস্থলে জাহানারার মৃত্যু হয়৷ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রওশন আরা ও অর্চনা রানির মৃত্যু হয়৷
প্রতীক সিরামিকসের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. আবু হানিফা জানান, দুর্ঘটনায় ৫৮ জন শ্রমিক আহত হন৷ এর মধ্যে ৪৭ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ১১ জনকে গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে৷
শিবালয় থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে রিকশাচালক আবদুস সাত্তার শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন৷ এ সময় পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়৷ এতে রাস্তায় পাশে পড়ে গুরুতর আহত হন সাত্তার৷ তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
ঘিওর থানার ওসি রকিবুজ্জামান জানান, বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন৷ এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে৷