ধামরাই ও সিঙ্গাইরে দুই ব্যক্তি খুন
ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার শ্বশুর ও শ্যালকের হাতে এক দিনমজুর খুন হয়েছেন। একই দিন বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক মাদ্রাসাছাত্র। মানিকগঞ্জের সিঙ্গাইরে সহকর্মীর আঘাতে এক কাঠমিস্ত্রি প্রাণ হারিয়েছেন।
এদিকে সাভারের বলিয়ারপুর ও পৌর এলাকা থেকে কিশোরসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধামরাই থানার পুলিশ ও স্থানীয় কয়েক ব্যক্তির বর্ণনা অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে ধামরাইয়ের মালঞ্চ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ঘেচু মিয়া একই উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের শহর আলীর মেয়ে রোমেনা খাতুনকে (২২) বিয়ে করেন। এর পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। সেখানে থেকে দিনমজুরের কাজ করতেন। বেশ কিছু দিন ধরে দেনা-পাওনা নিয়ে শ্বশুর শহর আলী ও শ্যালক ইকবাল হোসেনের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। গতকাল সকাল ১০টার দিকে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শহর আলী ও তাঁর ছেলে ইকবাল ঘেচুকে গলাটিপে হত্যা করেন। এ সময় ঘেচুর স্ত্রী রোমেনার চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের (শহর ও ইকবাল) আটক করে ধামরাই থানায় খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘেচুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় গতকাল সকালে মাহীন মিয়া (৭) নামের এক মাদ্রাসাছাত্র বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সে ঢুলিভিটার রুবেল হোসেনের ছেলে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ঘেচুকে খুন করায় তাঁর স্ত্রী বাদী হয়ে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বাসের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা বাজারে ইফতারের আগমুহূর্তে হাত-পা ধোয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সহকর্মীর পিঁড়ির আঘাতে মারা যান কাঠমিস্ত্রি আবদুল খালেক (২৫)। এ ঘটনায় পুলিশ শাহীন ও মনির নামের দুজনকে আটক করেছে। খালেক সিঙ্গাইরের ভাটিরচর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। তিনি ধল্লা বাজারের স্বাধীন-জাহিদ ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। শাহীন ও মনিরও ওই প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান গতকাল রাতে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সাভার থানার পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বলিয়ারপুর এলাকা থেকে গতকাল সকালে ১৫ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাভার পৌর এলাকার মোহনা প্রিন্টিং প্রেস নামের একটি ছাপাখানার গুদাম থেকে রফিক (৩৫) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।