ধামরাই ভূমি কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে ঘুষের বিনিময়ে নামজারি ও অর্পিত সম্পত্তির ইজারা দেওয়াসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গোপন তদন্তেও ওই কর্মকর্তার নানা দুর্নীতির প্রমাণ মিলেছে।
রেহানা আক্তার নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ার পর তৎকালীন ইউএনও মো. জহিরুল ইসলাম গত মার্চ মাসে তাঁকে কারণ দর্শাও নোটিশ দেন। ওই নোটিশে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কেন অভিযোগ দায়ের করা হবে না—এই মর্মে তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে বলা হয়, রেহানা নিরীহ সেবাগ্রহীতাদের কাছ থেকে নামজারি বাবদ ৫০০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত ঘুষ আদায় করে থাকেন। অথচ নামজারির জন্য ফি মাত্র ২৪৫ টাকা। এ ছাড়া ‘মিস কেস’ মামলা ও অর্পিত সম্পত্তির ইজারা প্রদান এবং নবায়নের ক্ষেত্রেও ওই কর্মকর্তা অসাধু উপায়ে টাকা আদায় করে থাকেন—যা চাকরি বিধিনিষেধ-বহির্ভূত এবং দুর্নীতির শামিলযোগ্য অপরাধ। তিনি (ইউএনও) তদন্তে এসব অভিযোগের প্রমাণ পেয়েছেন।
এদিকে স্থানীয় ভুক্তভোগীদের কাছ থেকেও রেহানা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাঁরা এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন।
ভূমি কমিশনারের কার্যালয়ের নথি ঘেঁটে দেখা যায়, ওই কার্যালয়ের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন গত বছরের ৮ অক্টোবর এক প্রতিবেদনে উল্লেখ করেন, ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের নান্নার গ্রামের আবদুল জলিল, আবদুল খালেক, আবদুল কাদের, রবিয়াল, আনু বেগম, আমির হোসেন, জামির হোসেন ও আমেনা বেগম নান্নার মৌজার উল্লিখিত ৫০ শতাংশ সম্পত্তি (ভিপি কেস নম্বর-৩৪/৬৯) দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে ভোগদখলে রয়েছেন। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ অক্টোবর তাঁদের নামে ইজারা নবায়ন করা হয়। এর কয়েক মাস পরে গত ২২ মে একই কার্যালয়ের সার্ভেয়ার মেছবা উদ্দিন এক প্রতিবেদনে ওই জমি দীর্ঘদিন ধরে আছালত বেপারি ও তাঁর ভাই রহিম উদ্দিনের দখলে রয়েছে বলে উল্লেখ করেন। এর পরই রেহানা আক্তার ওই ৫০ শতাংশ জমিসহ ৭৮ শতাংশ জমি আছালত ও রহিমকে ইজারা দেন।
আবদুল জলিলসহ অন্যরা অভিযোগ করেন, রেহানা আক্তার ঘুষ নিয়ে সার্ভেয়ার মেছবা উদ্দিনকে দিয়ে ভুয়া প্রতিবেদন লিখিয়ে ইজারা পরিবর্তন করেন। সার্ভেয়ার জাহাঙ্গীর ও মেছবা উভয়েই সঠিক প্রতিবেদন দিয়েছেন বলে দাবি করেছেন।
ধামরাইয়ের বালিথা গ্রামের আউলাদ হোসেন ও তাঁর ভাই আবদুস সামাদ অভিযোগ করেন, তাঁরা দক্ষিণ শিবপুর মৌজায় পৈত্রিক সূত্রে ১৬ শতাংশ জমির মালিক। একই এলাকার আলী হোসেনসহ আরও কয়েকজন একটি ভুয়া দলিলের (দলিল নম্বর-৮৪২) মাধ্যমে ওই জমি গত এপ্রিল মাসে ভূমি কমিশনারের কার্যালয় থেকে নামজারি (১০০৭১) করিয়ে নেন। কিন্তু সাভার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ১৯৭০ সালের সম্পাদন করা আসল (দলিল নম্বর-৮৪২) দলিলে ক্রেতা-বিক্রেতার নামের মিল নেই।
ধামরাইয়ের পানকাত্তা মৌজার আট শতাংশ অর্পিত সম্পত্তি ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে আমিন উল্লাহর নামে নামজারি (নম্বর-১১৪১৯) করে দেওয়ার অভিযোগও রয়েছে কমিশনার রেহানার বিরুদ্ধে। এসব অভিযোগ অস্বীকার করে রেহানা আক্তার বলেন, ‘সাবেক ইউএনও জহিরুল ইসলাম আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিলেন। কিন্তু তদন্তে অভিযোগগুলোর কোনো সত্যতা মেলেনি। আর স্থানীয়দের পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে, তাও সত্য নয়।’
জহিরুল ইসলাম বলেন, দুর্নীতির প্রমাণ পাওয়ার পরই রেহানা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অভিযোগের সুনির্দিষ্ট কোনো জবাব দেননি।’