ধামরাইয়ে পান্না হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঢাকার ধামরাই উপজেলার চরচৌহাট গ্রামের নাজমুল হুদা পান্না হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ অপর আট আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাজেদুর রহমান গতকাল রোববার এই মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন আবদুর রশিদ (পলাতক)। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন চৌহাট ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান, বিপ্লব, আসাদুজ্জামান, সিদ্দিকুর রহমান, রাজন ও মনির। এঁদের মধ্যে বিপ্লব ও রাজন পলাতক রয়েছেন। রায় ঘোষণার আগে কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আসামি ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান ও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম সরকারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে নির্বাচনে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম সরকারের সমর্থক নাজমুল হুদা পান্নাকে ২০১২ সালের ৬ মার্চ চরচৌহাট গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে বালিয়া অদুদুর রহমান উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পান্নার স্ত্রী হাসু বেগম ধামরাই থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২৯ জুন পুলিশ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান। আসামিপক্ষে ছিলেন মাহবুব আহমেদ ও আবদুল আলীম।