ধামরাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জেলা পুলিশ
ঢাকার ধামরাইয়ের ৫৯২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে গত সোমবার ধামরাই থানা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি তিনটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা এবং প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে কম্বল উপহার দেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের যে কম্বল দেওয়া হয়েছে, তাঁর প্রতিটির দাম দুই হাজার ২০০ টাকা। এই হিসাব অনুযায়ী কম্বল বাবদ খরচ হয়েছে ১৩ লাখ দুই হাজার ৪০০ টাকা। এ ছাড়া তিনটি শহীদ পরিবারকে দেওয়া হয়েছে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা। দুপুরের খাবার, সকালের নাশতা ও মঞ্চ বাবদ খরচ হয়েছে আরও প্রায় দুই লাখ টাকা। সব মিলিয়ে খরচ হয়েছে ১৬ লাখ টাকা।
জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, মূলত মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্যই সংবর্ধনার আয়োজন করা হয়। তবে এই আয়োজনের মধ্য দিয়ে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেশার সুযোগ সৃষ্টি হয়েছিল। তাঁদের মাধ্যমে গ্রাম পর্যায়ে পুলিশি কার্যক্রমেরও নানা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে সহায়ক ভূমিকা রাখবে। অর্থ খরচের বিষয়ে তিনি বলেন, ঢাকা জেলা পুলিশ নয়, কমিউনিটি পুলিশ (এলাকার বিভিন্ন পেশার মানুষ নিয়ে গঠিত) এই খরচের জোগান দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান। এতে স্থানীয় সাংসদ এম এ মালেক, মুক্তিযোদ্ধা নুর-উজ-জামান, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিআইজি নুরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ না হলে এ দেশ স্বাধীন হতো না। মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। তাঁদের মহান ত্যাগের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।