ধামরাইয়ে শ্রমিকবহনকারী বাস খাদে, নিহত ৩
ঢাকার ধামরাইয়ে পথিক সিরামিকসের শ্রমিকবহনকারী একটি বাস আজ মঙ্গলবার সকালে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২২ জন।
নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের কোল্লা এলাকার জাহানারা বেগম (২৯) ও একই উপজেলার জয়পুরা গ্রামের অর্চন রানী শীল (৩৫) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের রওশন আরা বেগম (৩৫)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বাসটি ধামরাইয়ের ইসলামপুর থেকে শ্রমিকদের নিয়ে ডাউটিয়ায় কারখানায় যাচ্ছিল। কারখানা থেকে এক কিলোমিটার দূরে থাকা অবস্থায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে জাহানারা মারা যান। আর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে রওশন আরা ও অর্চন রানী মারা যান। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ছয়জনকে গণস্বাস্থ্য হাসপাতালে ও ১২ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাইয়ে ভর্তি হওয়া ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।