ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শনিবার রাতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। তাঁকে মুমূর্ষু অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজনের পরিচয় জানা যায়নি।
ধামরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস আজ রাত সাড়ে আটটার দিকে বালিথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুতগতিতে চালাতে গিয়ে যানবাহন দুটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।