ঢাকার ধামরাইয়ে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার তাঁর পরীক্ষা করানো হয়।
অন্যদিকে মামলার অভিযুক্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুরকে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। সেখানে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত রিমান্ড বা জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ সূত্র জানায়, বছর খানেক আগে নানা ভয়ভীতির মুখে স্বামীর সংসার ছেড়ে হাফিজুর রহমানের সঙ্গে সাভার চলে আসেন ওই নারী। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা সাভার ব্যাংক কলোনি এলাকায় বাসা ভাড়া নেন। এর পর থেকে ওই নারী হাফিজুরকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। বিয়ে না করায় ওই নারী গত শনিবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি নথিভুক্ত হওয়ার পর সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য মামলার বাদী ও নির্যাতিত ওই নারীকে পুলিশ পাহারায় গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকালই তাঁর পরীক্ষা সম্পন্ন হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা হাসেম আলী বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ও অধিকতদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।