ধামরাইয়ে ১৪৪ ধারাজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে যুবদলের দুই পক্ষ একই স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আজ শুক্রবার রাত ১০টা পর্যন্ত পৌরসভার ইসলামপুরে সবুজ সংঘ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

যুবদলের কয়েকজন নেতা জানান, ধামরাই পৌর যুবদল আজ শুক্রবার ইসলামপুর সবুজ সংঘ মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান ১৬ জুলাই সবুজ সংঘ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নেন। বিষয়টি লিখিতভাবে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানসহ থানার পুলিশকেও জানানো হয়। অনুষ্ঠান সফল করতে প্যান্ডেল বানানোসহ ব্যাপক প্রস্তুতিও নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধামরাইয়ের সাবেক সাংসদ জিয়াউর রহমানের।

কিন্তু ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মারুফ শিকদার শুক্রবার ইফতার মাহফিলের জন্য সবুজ সংঘের মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। আবেদনে মারুফ নিজেকে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন।

ইউএনও মো. আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, যুবদলের দুই পক্ষ একই স্থানে ইফতার মাহফিল ও আলোচনা সভার ঘোষণা দেওয়ায় উত্তেজনা দেখা দেয়। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

যুবদল নেতা নাইমুর রহমান অভিযোগ করেন, আমাদের ইফতার মাহফিল বন্ধ করতে উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন কৌশলে প্রশাসনকে ব্যবহার করেছেন।

তমিজ উদ্দিন বলেন, এখানে আমার কোনো হাত নেই।