ধামরাইয়ের বালুমহাল বিলুপ্ত চলছে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ধামরাই উপজেলার বংশী ও গাজীখালী নদীর সব বালুমহাল বিলুপ্ত করা হয়েছে৷ কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা প্রকাশ্যেই মাসের পর মাস ধরে বালু ও মাটি লুট করছেন৷ এতে নদীর দুই পাড়ের বিস্তৃত এলাকায় ভাঙন দেখা দিয়েছে৷
ক্ষতিগ্রস্তরা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করলে ওই কার্যালয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগগুলো থানায় পাঠিয়ে দেয়৷ আর থানা-পুলিশ আইনের সীমাবদ্ধতার কথা বলে ব্যবস্থা নিতে চায় না৷
বিষয়টি নিশ্চিত করে ভূমি কমিশনারের কার্যালয়ের প্রধান সহকারী মকবুল হোসেন বলেন, নদী থেকে বালু ও মাটি কাটায় দুই পাড়ের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন৷ অনেক স্থানে তীর ভেঙে মানুষের ঘরবাড়ি বিলীন হওয়ার উপক্রম হয়৷ এই পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের সভায় বালুমহাল বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়৷ ভূমি মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসন গত বছরের ২২ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে ধামরাইয়ের দেপশাই, কান্দিকুল বালুমহালসহ ভালুম থেকে নরসিংহপুর পর্যন্ত সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করে৷
নির্বিচারে বালু উত্তোলন: ২৮ মে সরেজমিনে দেখা গেছে, মহিষাশি এলাকায় বংশী নদীতে চারটি ড্রেজার ও একটি খননযন্ত্র দিয়ে বালু তুলছিলেন স্থানীয় সানরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেছের আলী, আবদুর রহমান, আবদুল খালেকসহ আরও কয়েকজন৷ বংশী নদীতে খননযন্ত্র দিয়ে কুশুরা এলাকায় হেলাল উদ্দিন, তপু, বিপেন ও বাবু; পানকাত্তা এলাকায় নজরুল ও শাহীন, দেপশাই এলাকায় দুলাল, সুলতানসহ কয়েকজন; ভালুম বাথুলিতে সজীব ও শাসন এলাকায় আবদুল লতিফ বালু ও মাটি তুলছিলেন৷ একই নদীতে খননযন্ত্র দিয়ে শৈলান এলাকায় শওকত আলী ও আবদুল বারেক এবং চাঁনখালীতে ফরিদ হোসেন ও বিপ্লবসহ আরও কয়েকজন বালু তুলছিলেন৷ গাজীখালী নদীর কাওয়ালিপাড়া এলাকায় মোবারক হোসেন ও নান্দেশ্বরী এলাকায় আমিনুর খননযন্ত্র দিয়ে বালু ও মাটি তোলেন৷
বালু ও মাটি উত্তোলনকারী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপির নেতা-কর্মী হিসেবে পরিচিত৷ অনেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী৷ এ কারণে ঘরবাড়ি হারানোর আশঙ্কা থাকার পরও তাঁরা বালু লুটেরাদের বিরুদ্ধে নাম প্রকাশ করে কিছু বলতে চাননি৷ এমনকি সরকারি দপ্তরে অভিযোগ করলেও নাম উল্লেখ করেন না৷
বালু উত্তোলনকারীদের বক্তব্য: ইউপি সদস্য মেছের আলী বালু তোলার কথা অস্বীকার করে বলেন, আবদুর রহমান, আবদুল খালেকসহ আরও কয়েকজন বংশী নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন৷ দেপশাই এলাকায় বংশী নদী থেকে একসময় সরাসরি বালু তোলার সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, ‘আমি কয়েক বছর আগে বালু তুলতাম৷ এখন একটি টেলিভিশনে চাকরি পেয়েছি৷ দুলাল ও সুলতানসহ কয়েকজন ওই এলাকা থেকে বালু তুলছেন৷’ দুলাল বলেন, তাঁর কয়েকটি খননযন্ত্র রয়েছে৷ ওই সব খননযন্ত্র ভাড়া নিয়ে লোকজন বালু তুলছেন৷ তিনি বালু তুলেন না৷
প্রশাসন যা বলে: ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে মাঝেমধ্যে কিছু অভিযোগ পাঠানো হয়৷ কিন্তু আইনের সীমাবদ্ধতার কারণে আমাদের পক্ষে সঠিকভাবে আইন প্রয়োগ করা সম্ভব হয় না৷’ ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বেশ কিছু লোক অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কেটে নিচ্ছেন৷ তাঁদের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালানো হচ্ছে৷ তবে নানা প্রভাবের কারণে সবার বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না৷ এ কারণে জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেটের চাহিদা দেওয়া হয়েছে৷’