ধামরাইয়ে অনুমোদনহীন ৭১টি ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ৭২টি। এর মধ্যে অনুমোদন (লাইসেন্স) আছে মাত্র একটির। এর পরও এসব ভাটায় বছরের পর বছর ধরে ইট পোড়ানো হচ্ছে। শুধু ওই ৭১টি ভাটাতেই নয়, অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছে আরও অনেক ভাটাতেই। আবার নতুন করে ইটভাটা নির্মিতও হচ্ছে; যেগুলোর হিসাব স্থানীয় প্রশাসনের কাছে নেই। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার সুয়াপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতাধীন ইটভাটার সংখ্যা ৫২টি। এর মধ্যে সুতিপাড়ার মেসার্স হোপ বিল্ডওয়্যার নামের একটি ইটভাটার অনুমোদন আছে। বাকিগুলোর কোনো অনুমোদন নেই। তথ্য অনুযায়ী, কুশুরা ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইটভাটার সংখ্যা ১২টি, বালিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় পাঁচ, ধামরাই সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ১১ এবং রোয়াইল ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইটভাটা রয়েছে দুটি। এসব ইটভাটারও কোনো অনুমোদন নেই।খোঁজ নিয়ে জানা যায়, এই হিসাবের বাইরেও অনুমোদনহীন আরও অনেক ইটভাটা রয়েছে ধামরাইয়ে; যার কোনো তথ্যই নেই প্রশাসনের কাছে। নতুন করে আরও অনেক ইটভাটা নির্মিত হচ্ছে। কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামে মেসার্স এসবি ব্রিকস নামের অনুমোদনহীন একটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে প্রায় এক যুগ ধরে। অথচ উপজেলা প্রশাসনের তালিকায় এই ভাটার নাম নেই। এ ছাড়া উপজেলার আমতা ও বালিয়া ইউনিয়নে গত বছর আরও কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে, সেগুলোর নামও নেই তালিকায়। ধামরাইয়ের ইটভাটাগুলো গড়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়ক এবং উপজেলার কালামপুর-সাটুরিয়া, বাথুলি-জালসা ও সুতিপাড়া-সুয়াপুর সড়কের উভয় পাশে উর্বর কৃষিজমির ওপর। বছরের পর বছর এসব ভাটায় ইট পোড়ানোর ফলে এলাকার পরিবেশ ধ্বংস হচ্ছে। এর পরও স্থানীয় প্রশাসন ইটভাটা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ বসতবাড়ির আশপাশে এবং উর্বর কৃষিজমিতে ইটভাটা স্থাপন কিংবা ইট তৈরির কাঁচামাল সংগ্রহ করা অপরাধ। ইট পোড়ানো আইনে ইটভাটার জন্য দুই একর অনুর্বর জমি ব্যবহার করার কথা বলা হয়েছে। এ ছাড়া আরও অনেক শর্ত রয়েছে ইট পোড়ানোর ক্ষেত্রে। ধামরাইয়ের ইটভাটার মালিকেরা এই নিয়মকানুনের কোনো কিছুই মানছেন না। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি থেকে জালসা পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়কের উভয় পাশে রয়েছে আটটি ইটভাটা। ইটভাটাগুলো স্থাপন করা হয়েছে উর্বর কৃষিজমিতে বসতবাড়ির আশপাশে। জালসার আবুল বাশারসহ আরও অনেকে জানান, ইট পোড়ানোর মৌসুমে ভাটার আশপাশে সবুজে ঘেরা গ্রামগুলো ঢাকা পড়ে যায় ধুলা আর ছাইয়ের আবরণে। ছাই আর ধোঁয়ার কারণে অনেকে শ্বাসকষ্টেও ভুগছেন। ফলন কমে গেছে জমিতে। ভাটার মালিকদের অনেকে বলেন, প্রশাসনের জন্য তাঁরা প্রতিবছর মোটা অঙ্কের চাঁদা দেন। ভাটা মালিক সমিতির কর্মকর্তারা তাঁদের কাছ থেকে এই টাকা আদায় করেন। আর চাঁদা দিয়েই তাঁরা অনেকটা নিরাপদে থাকেন। এ কারণে অনুমোদনের ধার ধারেন না তাঁরা। তা ছাড়া ঝামেলার কারণেও অনেকে অনুমোদন নেন না। ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন একটি ইটভাটার অনুমোদন থাকার কথা বললেও অনুমোদনপ্রাপ্ত ভাটার সংখ্যা আরও বেশি। চাঁদা আদায় প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠান চালাতে গেলে নানা কারণে চাঁদার প্রয়োজন হয়।ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম মাত্র একটি ইটভাটার অনুমোদন থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি ইটভাটাগুলোর অনুমোদনের জন্য প্রতিটি ভাটার মালিককে সপ্তাহ খানেক আগে সতর্ক করে পত্র দেওয়া হয়েছে। আগামী মৌসুম শুরুর আগে অনুমোদন না নিলে ভাটা চালু করতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রশাসনের কেউ ভাটার মালিকদের কাছ থেকে চাঁদা নেন না।