ধামরাইয়ে অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে বিক্রি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কায়েতপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় ভূমি কার্যালয় থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং বিষয়টি গোপন করার চেষ্টা করা হচ্ছে।
ওই ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান। তিনি রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরের বাসিন্দা।
ওই জমির বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের অসহযোগিতার কারণে তথ্য না পেয়ে গত ৭ জুন তথ্য অধিকার আইনে আবেদন করে প্রথম আলো। গত ১০ জুলাই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়। তবে চাহিদা অনুযায়ী অনেক তথ্যই দেওয়া হয়নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কায়েতপাড়া মৌজায় ৩৮৪ নম্বর খতিয়ানে ৩৮ শতাংশ অর্পিত সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৯ শতাংশ জমি বাংলা ১৪২২ সালের জন্য মোস্তাফিজুর রহমানকে ইজারা দেওয়া হয়। এর আগে ওই জমি ধামরাই ব্রাস মেটাল সমিতিকে ইজারা দেওয়া হয়েছিল।
ইজারার শর্তে বলা হয়, ইজারাদার ওই জমি হস্তান্তর বা বিক্রি করতে পারবেন না। এমনকি বন্ধক বা অন্য কাউকে ইজারাও দিতে পারবেন না। অনুমতি ছাড়া ওই জমিতে অবকাঠামো নির্মাণ, আগের অবকাঠামোর আকার পরিবর্তন বা মেরামত কিংবা সম্পত্তির শ্রেণি পরিবর্তন করা যাবে না। জমিতে ‘অর্পিত সম্পত্তি’ মর্মে সাইনবোর্ড টাঙানো বাধ্যতামূলক করা হয়।
অনুসন্ধানে জানা যায়, মোস্তাফিজুর রহমান এসব শর্তের কোনোটাই মানেননি। তিনি ইতিমধ্যে ওই জমির ১২ শতাংশ জমি প্লট আকারে বিক্রি করে দিয়েছেন। বাকি ৬ শতাংশ বিক্রির জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে তিনি জমির অর্ধশতাধিক গাছ বিক্রি করে দেন।
সম্প্রতি কায়েতপাড়ার ওই জমিতে গিয়ে পাকা ভবন নির্মাণ করতে দেখা যায়। সেখানে কর্মরত শ্রমিকেরা বলেন, স্থানীয় রিপন গোস্বামী নামের এক ব্যবসায়ী এই ভবনটি নির্মাণ করছেন।
রিপন গোস্বামী বলেন, মাস পাঁচেক আগে ধামরাই ব্রাস মেটাল সমিতির সভাপতি ভাস্কর চক্রবর্তীর মাধ্যমে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে তিনি ১১ লাখ ৬০ হাজার টাকায় সোয়া ৩ শতাংশ জমি কিনেছেন। এ জন্য তাঁকে দলিল বা লিখিত কিছু দেওয়া হয়নি। এরপরও মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ভরসা পেয়ে তিনি সেখানে অবকাঠামো নির্মাণ করছেন। তাঁর মতো আরও কয়েকজন সেখান থেকে জমি কিনেছেন।
ভাস্কর চক্রবর্তী ওই সম্পত্তি বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ওই জমি ধামরাই ব্রাস মেটাল সমিতির নামে ইজারা ছিল। বছর খানেক আগে স্থানীয় সাংসদ এম এ মালেকের আত্মীয় মোস্তাফিজুর রহমান ওই জমি ইজারা নিয়ে তা বিক্রি করছেন।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যে এসব বিষয় গোপন করা হয়েছে। তথ্য অধিকার আইনে করা আবেদনে ইজারাগ্রহীতা শর্ত ভঙ্গ করে থাকলে তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি। তথ্য দেওয়া হয়নি ইজারার জমির ওপর নির্মিত স্থাপনা ও গাছের বিষয়েও। জমিতে বিদ্যমান অবৈধ স্থাপনার মালিকদের বিষয়েও কোনো তথ্য সরবরাহ করা হয়নি।
ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) শামীম রহমান বলেন, ‘আমাদের জানামতে, লিজের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়নি। আর হস্তান্তর, বিক্রি বা গাছ কাটা হয়েছে কি না, তা আমার জানা নেই।’
ইজারার জমি বিক্রি ও গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যোগাযোগ করা হলে সাংসদ এম এ মালেকও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।