ধামরাইয়ে আইন ও শর্ত লঙ্ঘন করে পোড়ানো হচ্ছে ইট
ঢাকার ধামরাই উপজেলার ১৫৯টি ইটভাটার মধ্যে ৮৭টিরই লাইসেন্স বা অনুমতি নেই। পরিবেশ ও কৃষির ক্ষতি করে পোড়ানো হচ্ছে ইট। অনুমতি পাওয়া ভাটারও প্রায় সব কটিই শর্ত লঙ্ঘন করছে।মালিকেরা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা কৃষি কর্মকর্তা থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তাদের অর্থ দিয়ে ইট পোড়ানোর অনুমতি সংগ্রহ করেছেন। আর বৈধ ও অবৈধ ইটভাটাগুলোর ব্যবসা টিকিয়ে রাখতে বছরে কমপক্ষে ৭৮ লাখ টাকা চাঁদা দিচ্ছেন মালিক সমিতিকে।আইনে যা আছে: পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধিত-২০০২) এবং ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী, উর্বর কৃষিজমি বা তিন ফসলি জমি ও বসতবাড়ির তিন কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। শর্তে যা আছে: স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ও অনাপত্তি সনদ এবং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে অনাবাদি বা এক ফসলি জমির সনদ দেখে অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর। ওই সময় ইটভাটার মালিকদের ২৭টি শর্ত দেন তাঁরা। এর মধ্যে অন্যতম হলো, ইটভাটার কোনো কর্মকাণ্ড ও উৎপাদন-প্রক্রিয়া দিয়ে কোনোভাবেই পরিবেশ দূষণ করা যাবে না। ইট পরিবহনের ক্ষেত্রে কাভার্ড ভ্যান ব্যবহার করতে হবে এবং ধুলা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত পানি ছিটাতে হবে। ইটভাটার জন্য দুই একরের বেশি জমি এবং ইট পোড়ানোর কাজে কাঠ বা কাঠজাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না। উর্বর কৃষিজমি, দো-ফসলি, তিন ফসলি জমি থেকে ইট তৈরির কাঁচামাল সংগ্রহ করা যাবে না। ভাটার চারপাশে গাছপালার সবুজবেষ্টনী গড়ে তুলতে হবে। আইন ও শর্ত লঙ্ঘন: ধামরাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি ইটভাটাই গড়ে উঠেছে বসতবাড়ি ঘেরা তিন ফসলি জমির ওপর। সবাই দুই একরের বেশি জমি ব্যবহার করছে। চারপাশে গাছপালার সবুজবেষ্টনীর পরিবর্তে আছে শস্য-শ্যামলা ফসল। খোলা ট্রাক ব্যবহার করা হচ্ছে, ধোঁয়া উড়ছে। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের নওগাঁও গ্রামের হাজি মান্নান ব্রিকস, বালিথা গ্রামের মেসার্স হাজি হারুন ব্রিকস, সোমভাগ ইউনিয়নের গোয়ালদি গ্রামের মেসার্স মামা ব্রিকস, কাওয়ালিপাড়ার মেসার্স আহমদ অ্যান্ড কোম্পানি ও মেসার্স ঢাকা ব্রিকস ঘুরেও একই ধরনের চিত্র পাওয়া গেছে।দেখার কেউ নেই: সুতিপাড়া, সানোড়া ও সোমভাগ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কালামপুর, চর-ডাউটিয়া, পুরান ডাউটিয়া ও গোয়ালদি গ্রামের মধ্যবর্তী স্থানে উর্বর জমিতে এক কিলোমিটার এলাকার মধ্যে রয়েছে কমপক্ষে ১৫টি ইটভাটা। একইভাবে জালসা থেকে বাথুলি পর্যন্ত সড়কের উভয় পাশে ১২টি ইটভাটা রয়েছে। কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা গ্রামে আধা কিলোমিটারের মধ্যে রয়েছে চারটি ইটভাটা। টাকা হলেই সম্ভব: মান্নান ব্রিকসের ব্যবস্থাপক আবুল বাশার বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরে কমপক্ষে ১০ লাখ টাকা দিয়ে লাইসেন্স বের করা হয়েছে।’ মামা ব্রিকসের অন্যতম অংশীদার আহসান হাবিব বলেন, পরিবেশ অধিদপ্তরে প্রায় দেড় লাখ টাকা ঘুষ দিয়ে অবস্থানগত ছাড়পত্র সংগ্রহ করা হয়েছে। আর পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করে তদবির করা হচ্ছে।মালিক সমিতির চাঁদাবাজি: একাধিক মালিক জানান, লাইসেন্স থাকা বৈধ ৭২ ভাটাকে প্রতিবছর কমপক্ষে ২৫ হাজার করে এবং অবৈধ ৮৭ ভাটাকে ৭০ হাজার টাকা করে চাঁদা মালিক সমিতিকে দিতে হয়। এতে ৭৮ লাখ ৯০ হাজার টাকা চাঁদা আদায় হয়। ওই টাকায় সব ঝক্কি-ঝামেলা মেটানো হয়।অবশ্য ধামরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশীদ বলেন, ইটভাটাগুলো থেকে বছরে ১০ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়। এই টাকায় সমিতির খরচ মেটানো হয়। আর বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ দিবস উপলক্ষে চাঁদা নেওয়া হয়।প্রশাসনের বক্তব্য: সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমানসহ আরও কয়েকজন চেয়ারম্যান জানান, অনিয়ম জেনেও ভোটের হিসাবনিকাশ করে ট্রেড লাইসেন্স ও অনাপত্তি সনদ দিতে হয়। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘অবৈধ ইটভাটা বন্ধ করাসহ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের। আমাদের পক্ষে জরিমানা করা ছাড়া আর কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।’পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক আবুল মনসুর জানান, উচ্চ মহলের চাপের কারণেই কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। অর্থের বিনিময়ে ছাড়পত্র দেওয়ার বিষয়টি জানি না।