ধামরাইয়ে আগুনে ঝলসে গেল তরুণীর শরীর
ঢাকার ধামরাইয়ে শিউলী আক্তার নামের এক তরুণী আগুনে ঝলসে গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিউলী বলছেন, মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর শরীরে আগুন দেওয়া হয়েছে।
শিউলী (২০) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বেলদাহ গ্রামের জহির উদ্দিনের মেয়ে। তিনি ধামরাইয়ের চরডাউটিয়া গ্রামের শহীদ মিয়ার বাড়িতে থেকে স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। শিউলী মঙ্গলবার রাতের কোনো এক সময় অগ্নিদগ্ধ হন। রাতেই তাঁকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
গণস্বাস্থ্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে কে বা কারা শিউলীকে হাসপাতালে ভর্তি করে চলে যান। তাঁর গলার নিচ থেকে শরীরের অন্তত ৭৫ শতাংশ পুড়ে গেছে। তিনি বলেন, গতকাল সকাল পর্যন্ত তাঁর কোনো স্বজন না আসায় তিনি আশুলিয়া ও ধামরাই থানাকে বিষয়টি জানান। এরপর দুই থানার পুলিশ তদন্তে নামে।
গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী প্রথম আলোকে বলেন, সুমন চৌধুরী নামের এক ছেলে তাঁকে উত্ত্যক্ত করত। তিনি (শিউলী) তাদের বাসায় ভাড়া থাকতেন। পাত্তা না দেওয়ায় মঙ্গলবার রাতে সুমন তাঁর শরীরে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে তাঁর শরীরে আগুন ধরানো হয়েছে। আগুনের তাপে জেগে উঠে তিনি জানালা দিয়ে সুমনকে দৌড়ে পালাতে দেখেছেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, ‘অনুসন্ধান করে গতকাল বিকেলে সুমনের বাড়ি খুঁজে বের করা হয়। সে বাড়ির মালিক শহীদ মিয়ার ছেলে। সুমনের বয়স ১১–১২ বছর হবে। তার বিরুদ্ধে মেয়েটি যে অভিযোগ করছেন, তা সত্য নয় বলে মনে হচ্ছে।’
শহীদ মিয়া বলেন, মেয়েটি মাস দেড়েক আগে তাঁর বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় স্বামী থাকার কথা বললেও একা থাকায় ১৫ দিন আগে তাঁকে বিদায় করে দেওয়া হয়। দিন সাতেক আগে তাঁর অনুরোধে তাঁকে আবারও বাসা ভাড়া দেওয়া হয়। তিনি বলেন, মেয়েটি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে রাত দেড়টার দিকে তিনি ভাত রান্না করছিলেন। রান্নার সময় তাঁর কাপড়ে আগুন ধরে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ছেলে মেয়েটির শরীরে আগুন ধরায়নি।
ঘটনার পর হাসপাতালে অবস্থান না করা এবং পুলিশকে না জানিয়ে বিষয়টি চেপে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
ধামরাই থানার ওসি রিজাউল হক বলেন, রান্নার সময়ই তাঁর শরীরে আগুন ধরে থাকতে পারে। তিনি বলেন, গতকাল বিকেলে বাড়ির মালিক শহীদের মাধ্যমে শিউলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।