ধামরাইয়ে আমিন মডেল টাউনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের দক্ষিণপাড়ায় আমিন মডেল টাউন নামক একটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নির্দেশে গতকাল সোমবার এ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ধামরাই প্রকল্প-১ নামের আমিন মডেল টাউন কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ২০ একর জমিতে আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করে। সম্প্রতি কৃষিজমি, নিচু এলাকা ও জলাশয়ে মাটি ভরাটের কাজও শুরু করে তারা। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানীকে তলব করেন। তাঁর কাছে ভূমি মালিকানার কাগজপত্র দেখানোর নির্দেশ দিলে তিনি মাত্র ছয় একর ভূমির মালিকানার কাগজপত্র দেখাতে সক্ষম হন। পরিচালকের (এনফোর্সমেন্ট) নির্দেশে তাৎক্ষণিকভাবে এই আমিন মডেল টাউন প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, ‘নির্বিচারে কৃষিজমি, নিচু এলাকা ও জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প পরিবেশের জন্য মহাবিপর্যয়কর হবে। তাই পরিবেশ রক্ষার স্বার্থে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষিজমি সুরক্ষা এবং জলাশয় অক্ষুণ্ন রেখে আবাসন গড়ে তুলতে হবে।’