ধামরাইয়ে ইটভাটার শ্রমিক খুন
ঢাকার ধামরাইয়ের ঘোড়াকান্দা গ্রামের একটি ইটভাটা থেকে বৃহস্পতিবার রাতে সেখানকার শ্রমিক আবুল হোসেনের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।ধামরাই থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আবুল হোসেনকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁর কর্মস্থল মেসার্স ইউসুফ ব্রিকসের ইট পোড়ানোর চিমনির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।নিহত আবুল হোসেনের স্ত্রী কদভানু বলেন, তাঁর স্বামী বাড়ির পাশে অবস্থিত ইউসুফ ব্রিকসে পাহারাদারের কাজ করে আসছিলেন। ইট পোড়ানো বন্ধ হয়ে যাওয়ায় মাস খানেক আগে তিনি বাড়ি চলে আসেন। তবে মালিকের বিশ্বস্ত হওয়ায় তাঁকে সপ্তাহ খানেক আগে আবার কাজে নেওয়া হয়। মঙ্গলবার ইটভাটার একজন কর্মকর্তা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।হত্যাকাণ্ডের ঘটনায় কদভানু গতকাল শুক্রবার ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি।মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, হত্যার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।