ধামরাইয়ে একজনকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার স্যানাইল গ্রামে জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে তাঁর নিজের ঘরে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত জহিরুলের স্ত্রী, মেয়ে ও মেয়ে-জামাইসহ ছয়জনকে আটক করেছে।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে খাবার খেয়ে জহিরুল (৪৫) স্ত্রী রাবিয়া বেগম (৩৮) ও মেয়ে শারমীন আক্তারকে (১৪) নিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোর ছয়টার দিকে শারমীন তার চাচা বাহার উদ্দিনকে জানায়, তার বাবাকে কে বা কারা খুন করেছে। বাহার উদ্দিন ঘরে গিয়ে ভাইয়ের জবাই করা লাশ দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ধামরাই থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত জহিরুলের স্ত্রী রাবিয়া বেগম, মেয়ে শারমীন আক্তার ও বড় মেয়ে নাজমিনের স্বামী রমজান খান এবং তাঁর এলাকার তিন যুবক উজ্জ্বল (২৫), পলাশ (২৬) ও উজ্জ্বলকে (২২) আটক করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে ধামরাই থানায় রাবিয়া বেগম সাংবাদিকদের জানান, তিনি স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছিলেন। খুনের সঙ্গে তিনি জড়িত নন।