ধামরাইয়ে কলেজছাত্রের ছুরিকাঘাতে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে ওঠা নিয়ে বাগিবতণ্ডার জের ধরে ঢাকার ধামরাই উপজেলায় এক কলেজছাত্রের ছুরিকাঘাতে পিয়াস আহমেদ (৩২) নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডে একটি বাসের মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত পিয়াস ধামরাই পৌর এলাকার পাঠানটোলার চুন্নু মিয়ার ছেলে। তিনি কালামপুর এলাকায় বিলট্রেড নামের একটি কারখানায় চাকরি করতেন।
ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বেলা দেড়টার দিকে পিয়াস তাঁর কর্মস্থলে যাওয়ার জন্য ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সাটুরিয়াগামী জনসেবা পরিবহনের একটি বাস সেখানে পৌঁছলে আগে ওঠা নিয়ে ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমানসহ অন্যদের সঙ্গে পিয়াসের বাগিবতণ্ডা হয়। বিষয়টি তাৎক্ষণিক মীমাংসা হওয়ার পর তাঁরা যে যার গন্তব্যে যাওয়ার উদ্দেশে ওই বাসে ওঠেন।
বাসটি জয়পুরা বাসস্ট্যান্ডে পৌঁছামাত্র আরও কয়েকজন তরুণ ওই বাসে ওঠেন। এ সময় হাবিব ছুরি দিয়ে পিয়াসের তলপেটে আঘাত করে অন্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর বাসের যাত্রীসহ অন্যরা পিয়াসকে ধামরাইয়ের কালামপুরে একটি ক্লিনিকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বাসযাত্রী জানান, থানা বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার পরপরই হাবিব ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীরা মুঠোফোনে অন্য কাউকে জয়পুরা বাসস্ট্যান্ডে আসার অনুরোধ জানান। বাসটি জয়পুরা পৌঁছার পরপরই বেশ কয়েকজন তরুণ ওই বাসে ওঠেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁরা পিয়াসের চিৎকার শুনতে পান। তখন হাবিবসহ অন্যরা বাস থেকে নেমে দ্রুত দৌড়েপালান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, তলপেটে ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে পিয়াস মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আর কলেজছাত্র হাবিবই তাঁকে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অন্যরা তাঁকে এ কাজে সহায়তা করেছেন।