ধামরাইয়ে কেন্দ্র দখল করে জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার বেলা সাড়ে তিনটা। কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকতেই কয়েকজন ভোটার ঘিরে ধরেন। ক্ষোভের সঙ্গে তাঁরা ভোট দিতে না পারার কথা জানান। ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে তাঁদের মতো আরও অনেককেই ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে।
কালামপুর গ্রামের রুবেল মিয়া ও ফরহাদ হোসেন বলেন, বেলা দুইটার দিকে তাঁরা ভোট দিতে কেন্দ্রে যান। এর আগেই তাঁদের ভোট দেওয়া হয়েছে বলে বিদায় করে দেওয়া হয়। একই গ্রামের মোতালেব হোসেন ও আবুল হোসেন বলেন, বেলা পৌনে তিনটার দিকে কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার না পেয়ে তাঁরা ভোট দিতে পারেননি।
আমাতন নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে নারী ও পুরুষের জন্য পৃথক দুটি কেন্দ্রে ১৪টি বুথে গতকাল ভোট নেওয়া হয়। ভোটারের সংখ্যা ৫ হাজার ৩৭৬ জন। সকাল সোয়া ১০টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে পুরুষ ও নারী কেন্দ্রে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি। পুরুষ কেন্দ্রে কোনো ভোটার চোখে না পড়লেও বিভিন্ন বুথে কয়েকজন তরুণকে ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে সিল মারতে দেখা যায়। আর নারী কেন্দ্রের ৩ নম্বর বুথে ৩০ জনের মতো ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও অন্য বুথগুলো ছিল ফাঁকা।
ভোটারদের এসব অভিযোগ প্রসঙ্গে পুরুষ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা সাঈদুর রহমান বলেন, জাল ভোট বা ভোট দিতে না পারার কোনো অভিযোগ তিনি পাননি।
এর আগে বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রমিজুর রহমান চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, সরকারি দলের নেতা-কর্মীদের কেন্দ্র দখল ও জাল ভোট প্রদান, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। এ সময় ভাটারাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্ট রাকিবুল হাসান বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বেশ কয়েকজন বহিরাগত তাঁকেসহ বিএনপির সব এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন।
তবে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বেলা ১১টার দিকে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নারী ও পুরুষ কেন্দ্রে কোনো ভোটার পাওয়া যায়নি। কেন্দ্র দুটি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দখলে ছিল। কয়েকটি বুথে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপারই চোখে পড়েনি। অনেক ভোটারকে ভোট দিতে না পেরে ফিরে যেতে দেখা যায়। এ সময় একজন নারী ভোটার বলেন, ‘ভুটার ছাড়াই ভুট অইয়া যায়। তাই ভুট না দিয়াই বাড়ি ফিরা যাইতাচি।’
প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে গিয়ে দরজা ভেড়ানো পাওয়া যায়। ওই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবল বলেন, ‘স্যারেরা বাইরে আছেন।’ খোঁজাখুঁজির পর অবশেষে ওই কক্ষের ভেতরেই তাঁদের পাওয়া যায়। ভোটারদের উপস্থিতি না থাকার বিষয়ে তাঁরা বলেন, সকালের দিকে ভোটারদের চাপ বেশি ছিল। এখন কম। আর যাঁরা আসছেন তাঁরা দ্রুত ভোট দিয়ে চলে যাচ্ছেন। এ কারণে ভোটকেন্দ্র কিছুটা ফাঁকা।
বেলা পৌনে একটার দিকে বাথুলি বালিথা মাদ্রাসা কেন্দ্রে গিয়েও তেমন কোনো ভোটার পাওয়া যায়নি। ওই কেন্দ্রে ভোটার ১ হাজার ৭৭১ জন। প্রিসাইডিং কর্মকর্তা আহাম্মদ আলী খান জানালেন, দুপুর ১২টার মধ্যে কেন্দ্রে ১ হাজার ২০০ ভোট পড়েছে।
যোগাযোগ করা হলে সুতিপাড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল। জাল ভোট ও কেন্দ্র দখল করার কোনো সুযোগ ছিল না। তা ছাড়া ভোটার বা প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।
গত বছরের ২৮ মে ধামরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে আদালতে মামলা থাকায় ওই সময় সুতিপাড়া ইউনিয়নে ভোট হয়নি। আদালতের আদেশে জটিলতা নিরসনের পর গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।