ধামরাইয়ে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার বেটুয়াইল গ্রামে গত শনিবার রাতে গণপিটুনিতে নজর আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নজরের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ অন্তত ২০টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।নজরের বাড়ি ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামে। ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত ১২টার পর একদল ডাকাত বেটুয়াইল গ্রামের শখীচরণ ও নবদীপ মালোর বাড়িতে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়। ডাকাতেরা পাশের হাবিবুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। টের পেয়ে হাবিবুরের মা জহুরা খাতুন চিৎকার দিলে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। রাত আড়াইটার দিকে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেন প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়ে ডাকাতদের দেখতে পেয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে নজরকে আটক করে পিটুনি দেয়। ভোররাতে নজরকে গুরুতর অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।