ধামরাইয়ে গাজীখালি ও বংশী নদীর মাটি লুট

ঢাকার ধামরাইয়ে বংশী ও গাজীখালি নদী থেকে মাটি লুট করা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাসহ কয়েকজন দীর্ঘদিন ধরে কুশুরিয়া ও নান্দেশ্বরী এলাকায় খননযন্ত্র বসিয়ে মাটি তুলে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে কুশুরিয়া বাজারের পাশে দুটি খননযন্ত্র বসিয়ে বংশী নদী থেকে মাটি কেটে জমা করা হচ্ছে নদীর ধারে। আর নান্দেশ্বরী এলাকায় গাজীখালি নদী থেকে মাটি তুলে দুই মাসের বেশি সময় ধরে খননযন্ত্র দিয়ে পাইপের সাহায্যে স্থানীয় লোকজনের নিচু জমি ও ডোবা ভরাট করা হচ্ছে।
নান্দেশ্বরী এলাকায় খননযন্ত্র পরিচালনার দায়িত্বে থাকা স্থানীয় আমতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম হোসেন বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাটি কেটে বিক্রি করছেন। তবে আবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নই, সেলিম হোসেনই মাটি তোলার সঙ্গে জড়িত।’
কুশুরিয়া এলাকার খননযন্ত্রের শ্রমিক চান মিয়া বলেন, ওই এলাকায় খননযন্ত্র বসিয়েছেন হাবিবুর রহমান নামের স্থানীয় এক নেতা। আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, হাবিবুর ক্ষমতাসীন দলের নেতাদের টাকা দিয়ে তিনি অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছেন। এ বিষয়ে কথা বলার জন্য গত ২৮ জানুয়ারি কুশুরিয়ায় গিয়ে হাবিবুরকে পাওয়া যায়নি। কুশুরিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, নদী থেকে অবৈধভাবে মাটি তোলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এরপরও চুরি করে অনেকে মাটি কেটে বিক্রি করে থাকতে পারেন। তিনি বলেন, বংশী নদীতে নতুন করে কেউ খননযন্ত্র বসিয়ে থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
নান্দেশ্বরী এলাকায় গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে মাটি তোলায় এলাকায় নদীর তীরে ভাঙন ধরেছে। ইতিমধ্যে ফসলি জমিসহ বেশ কিছু এলাকা নদীতে বিলীন হয়েছে। নদীর তীরে বসবাসরত অনেকের বাড়িঘরও ভাঙনের মুখে রয়েছে।
নান্দেশ্বরী এলাকার বাসিন্দা শফিকুজ্জামান বলেন, নদী থেকে মাটি কাটার ফলে তাঁর বাড়িটি ভাঙনের কবলে পড়েছে। মাটি কাটা অব্যাহত থাকলে কয়েক মাসের মধ্যে তাঁর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কার কাছে অভিযোগ করব? যাঁদের কাছে অভিযোগ করব তাঁরাই তো মাটি কাটার সঙ্গে জড়িত?’
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম বলেন, সরেজমিনে খোঁজ নিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।