ধামরাইয়ে গাড়ি ভাঙচুর, ৮০ শ্রমিকের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৬
ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একিম ল্যাবরেটরিজ লিমিটেডে শ্রমিক অসন্তোষের জের ধরে গাড়ি ভাঙচুরের ঘটনায় ৮০ জন শ্রমিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে গত বুধবার গভীর রাতে এ মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল বৃহস্পতিবার ১৬ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে।জানা গেছে, কারখানাটির পাঁচ শতাধিক শ্রমিক প্রতিদিন মাত্র ১২০ টাকা পারিশ্রমিকে বছরের পর বছর কাজ করে আসছেন। শ্রমিকেরা দীর্ঘদিন ধরে তাঁদের চাকরি স্থায়ীকরণ ও পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণ না করায় গত বুধবার সকালে ওই শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে শ্রমিকেরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।ধামরাই থানার পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের ঘটনায় ধামরাই থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) তাজ উদ্দিন বাদী হয়ে বুধবার গভীর রাতে একটি মামলা করেন। মামলায় ৬৫ জন শ্রমিকের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জন শ্রমিককে।