ধামরাইয়ে গৃহবধূ ধর্ষিত
ঢাকার ধামরাইয়ে গত মঙ্গলবার রাতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। অপহরণের পর তাঁকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ি এলাকায় স্বামীর সঙ্গে একটি বাড়িতে তিনি ভাড়া থাকেন। ওই গৃহবধূর অভিযোগ, রঞ্জু ও রেজাউলসহ পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেছে। রঞ্জু ও রেজাউল একই বাড়ির ভাড়াটে।গতকাল বুধবার বিকেলে পলাশবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, রঞ্জু ও রেজাউলসহ অন্য ভাড়াটের ঘরে তালা। ওই গৃহবধূর বাড়ি মধুপুরে। আর স্বামীর বাড়ি পাবনার ভাঙ্গুরায়।ওই গৃহবধূ জানান, তাঁর স্বামী আশুলিয়ার বাইপাইলে বাসের টিকিট কাউন্টারে চাকরি করেন। তিনিও ওই কাউন্টারে স্বামীর সঙ্গে কাজ করতেন। মঙ্গলবার রাতে পলাশবাড়ি বাসস্ট্যান্ডে নামার পরপরই রঞ্জু ও রেজাউলসহ পাঁচ যুবক তাঁর পথ রোধ করে দাঁড়ায়। এরপর তারা তাঁকে জোর করে একটি ট্যাক্সিক্যাবে তুলে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত দুইটার দিকে একজন রিকশাচালক তাঁকে অচেতন অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে।ওই গৃহবধূ অভিযোগ করেন, তাঁরা ওই বাড়িতে ওঠার পর থেকেই রঞ্জু ও রেজাউল তাঁকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতে থাকে। দুই সপ্তাহ আগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তারের সঙ্গে দেখা করে তিনি আইনগত সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু তিনি কোনো সহায়তা পাননি। ওই গৃহবধূ জানান, খবর পেয়ে স্বামী সকালে তাঁকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন। থানায় অভিযোগ করার কথা বলে বের হয়ে গতকাল বিকেল পর্যন্ত আর হাসপাতালে ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর আশঙ্কা, সন্ত্রাসীরা তাঁর স্বামীকেও অপহরণ করতে পারে।এসআই আবদুস সাত্তার বলেন, ‘লিখিত নয়, মৌখিকভাবে বিষয়টি আমাকে জানানো হয়েছিল। এরপর বাড়ির মালিক সাইফুল ইসলাম তাঁদের বাড়ি ছাড়ার নোটিশ দেন।’ ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।