ধামরাইয়ে ছাত্রদের মহাসড়ক অবরোধ ৫০ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্বাস অনুযায়ী গতিরোধক নির্মাণ না করায় ঢাকার ধামরাই সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে প্রায় সোয়া দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অর্ধশত যানবাহন ভাঙচুর করেন। ফলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে দুর্ভোগে পড়ে শত শত যাত্রী। ধামরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় গত রোববার বাসের চাকায় পিষ্ট হয়ে মোরাদ হোসেন নামের ধামরাই সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র মারা যান। এর প্রতিবাদে ওই কলেজের ছাত্র ও এলাকাবাসী তাত্ক্ষণিক সড়ক অবরোধ করে। তারা ওই কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় গতিরোধক নির্মাণের দাবি জানায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তিন দিনের মধ্যে ওই এলাকায় গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। গত মঙ্গলবার তিন দিন পার হওয়ার পরও গতিরোধক নির্মাণ না করায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা থানা রোড এলাকার সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।ধামরাইয়ের ইসলামপুরের আশরাফ, লেহাজ উদ্দিন ও আনোয়ার হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে মহাসড়কে অবস্থান নেওয়ার পরপরই শিক্ষার্থীরা যানবাহন ভাঙচুর করতে শুরু করেন। ধুলিভিটা থেকে ইসলামপুর পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় সড়কের অর্ধশত যানবাহন ভাঙচুর করা হয়। এ সময় যানবাহনের ভাঙা কাচের আঘাতে শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়।পুলিশ সূত্র জানায়, গতিরোধক নির্মাণের কাজ শুরু হলে দুপুর পৌনে ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এর মধ্যে মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, ‘সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। সোয়া দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলেও যানবাহন চলাচল স্বাভাবিক হতে দুপুর দেড়টা বেজে যায়।’