ধামরাইয়ে জমি নিয়ে বিরোধ বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফিরিঙ্গা গ্রামের বৃদ্ধ আনোয়ার হোসেনকে (৭৫) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে প্রতিপক্ষের এক ব্যক্তি তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, ১৫ বছর আগে আনোয়ার হোসেন তাঁর ছোট ছেলে আহাম্মদ আলীকে দুই বিঘা জমি দেন। বছরখানেক আগে আহাম্মদ আলী ওই জমি একই গ্রামের দেলোয়ার হোসেনের কাছে পাঁচ হাজার টাকায় ইজারা দেন। ইজারা নিয়ে দেলোয়ার ওই জমিতে সরিষার আবাদ করতে যান। বিষয়টি জানতে পেরে আনোয়ার হোসেন টাকা ফেরত দেওয়ার কথা বলে দেলোয়ারকে ওই জমিতে চাষাবাদ না করার অনুরোধ করেন। এরপর আনোয়ার সেখানে পুনরায় সরিষার আবাদ করেন। গতকাল সকালে আনোয়ার তাঁর ছেলে সেলিম ও ভাতিজা ইসাহাককে নিয়ে ওই জমির সরিষা তুলতে যান। খবর পেয়ে দুপর ১২টার দিকে দেলোয়ারের স্ত্রী সেখানে গিয়ে আনোয়ার হোসেনকে সরিষা তুলতে বাধা দেন। আনোয়ার তাঁকে তাড়িয়ে দেন। তাড়া খেয়ে তিনি বাড়ি গিয়ে স্বামী দেলোয়ারকে বিষয়টি জানান। ক্ষুব্ধ দেলোয়ার একটি চাপাতি নিয়ে ওই জমিতে গিয়ে আনোয়ারকে এলোপাতাড়ি কোপান। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। দেলোয়ারকে থামাতে গিয়ে ইসাহাকও গুরুতর আহত হন।স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, দেলোয়ারকে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। নিহত আনোয়ারের ছেলে মামুনুর রশীদ বলেন, ‘আমার বাবা দেলোয়ারের টাকা পরিশোধ করেই জমিতে সরিষার আবাদ করেন। বাবাকে হত্যা করার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে আমার ধারণা।’ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আনোয়ারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই দেলোয়ার ও তাঁর স্ত্রী পালিয়ে যান।