ঢাকার ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের হারুন-অর-রশিদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি এবং সম্পত্তি উদ্ধারের দাবিতে গতকাল শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ সড়ক অবরোধ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই নান্দেশ্বরী গ্রামের শত শত মানুষ জড়ো হতে থাকেন ধামরাইয়ের জগতনগর এলাকায়। দুপুর ১২টার দিকে তাঁরা হারুনের হত্যাকারীদের ফাঁসি ও সম্পত্তি উদ্ধারের দাবিতে কালামপুড়-সাটুরিয়া সড়কের জগতনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে মানববন্ধনের পর তাঁরা সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় আমতা ইউনিয়নের সদস্য আয়নাল হক, ব্যবসায়ী তরফ আলী, নিহতের স্ত্রী রওশন আরা বেগম প্রমুখ।রওশন আরা বেগম জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত ৯৬ শতাংশ জমি আত্মসাতের জন্যই তাঁর স্বামীর বড় ভাই খোরশেদ আলম ১৯৯৫ সালের ৭ ফেব্রুয়ারি হারুনকে খুন করেন। এরপর শিশুপুত্রসহ তাঁকে স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দেওয়া হয়।