ধামরাইয়ে ট্রাকে ও আশুলিয়ায় সিএনজি স্টেশনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার নান্দেশ্বরী এলাকায় গত বুধবার রাতে পুলিশের তল্লাশি চৌকির কাছে ডাকাতি হয়েছে। ডাকাতেরা কালামপুর-সাটুরিয়া সড়কে নান্দেশ্বরী এলাকায় গাছের গুঁড়ি ফেলে যানবাহন আটকে নগদ অর্থ, মুঠোফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। এদিকে ঢাকার সাভারের আশুলিয়া থানার বাইপাইল এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত একটি সিএনজি স্টেশনে হানা দিয়ে এক লাখ ২০ হাজার টাকা ও মূল্যবান যন্ত্রাংশ লুটে নিয়ে গেছে।পুলিশ ও ভুক্তভোগীরা জানান, রাতে ডেসটিনি পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি আরিফুর রহমান একটি গাড়িতে ঢাকা থেকে সাটুরিয়ায় তাঁর বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে গাড়িটি ধামরাইয়ের কাওয়ালীপাড়ায় পৌঁছে ডাকাতের কবলে পড়ে। ডাকাতেরা তাঁর কাছ থেকে নগদ ৭২ হাজার টাকা, চারটি মুঠোফোন ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন লুটে নেয়। আরিফুর রহমান জানান, এ ব্যাপারে তিনি গতকাল কাওয়ালীপাড়া তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। কাওয়ালীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ডাকাতি ও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভোর চারটার দিকে ডাকাতেরা গাড়িতে এসে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল এলাকায় টিএস সিএনজি স্টেশন থেকে গ্যাস নেয়। এর পর দাম পরিশোধের ভান করে ক্যাশ কাউন্টারে গিয়ে ক্যাশিয়ার ফোরকান হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় ডাকাতেরা ক্যাশবাক্স ও সিন্দুক ভেঙে এক লাখ ২০ হাজার টাকা ও মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। সিএজি স্টেশনের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে গতকাল আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।