ধামরাইয়ে ডাকাতির অভিযোগে আট ব্যক্তি আটক
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বাসে ডাকাতির চেষ্টাকালে আট ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। র্যাব-৪ সাভার ক্যাম্প সূত্রে জানা গেছে, একদল ডাকাত একটি মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় অবস্থান নেয়। পরে তারা একটি যাত্রীবাহী মিনিবাস থামিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই বাসে উঠে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে র্যাবের টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটিকে ঘিরে ফেলে ডাকাতদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ছোরা, দুটি ককটেল ও এক কৌটা মলম উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলো: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এরশাদুল মিয়া, শেরপুরের নালিতাবাড়ীর সাঈদুল ইসলাম, নরসিংদীর রায়পুরার মোমিন ভূঁইয়া, ঢাকার আশুলিয়ার আবদুল আলী, নোয়াখালীর সেনবাগের মামুন মির্জা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার রিপন আলী, নওগাঁর ধামইরহাটের তুহিন হোসেন ও বাগেরহাটের মোরেলগঞ্জের মিলন সরকার। র্যাব-৪ সাভার ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর সাব্বির আহাম্মেদ সিদ্দিকী বলেন, আটক ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে মহাসড়কে যানবাহনে ডাকাতি করে আসছিল।