ধামরাইয়ে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত
ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল বুধবার সন্ধ্যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চলাচলকারী এসবি লিংক পরিবহনের বাসচালক কুরবান আলী (৩২), ধামরাইয়ের ভালুমের দেলোয়ারা বেগম (৫০), বড় জেঠাইলের আবদুল মজিদ (৪০) ও আশুলিয়ার নবীনগরের মজনু (৩০)। ঘটনার পর স্বজনেরা লাশ নিয়ে যাওয়ায় অপরজনের পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের জয়পুরা এলাকায় পাল সিএনজি পাম্পের কাছে সাটুরিয়াগামী এসবি লিংকের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডিলিংক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি বাস আরেকটির ভেতরে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ছাড়া ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পাল সিএনজির কর্মকর্তা নাজির হোসেন বলেন, সাটুরিয়াগামী বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে তিনি ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত যাত্রীদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার জানান, ধামরাইগামী ডিলিংক পরিবহনের বাসে কোনো যাত্রী ছিল না। বাসটির চালক ও তাঁর সহযোগী আহত হয়েছেন।