ধামরাইয়ে নকল জুস ও পানীয় তৈরির কারখানা
ঢাকার ধামরাইয়ে নকল জুস ও কোমল পানীয় তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে একটি চক্র এসব জুস ও কোমল পানীয় তৈরি করে বাজারজাত করে আসছিল। গত বুধবার রাতে বিপুল পরিমাণ জুস ও পানীয়সহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কোনো যন্ত্র ছাড়াই আম, কাপড়ে দেওয়া রং, স্যাকারিন ও বিভিন্ন ধরনে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এসব নকল জুস এবং পানীয় তৈরি করা হতো। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মিশ্রণের পর তা বোতলে ভরে অ্যানার্জি ড্রিংকস, টেন আপ জুস ও টেন আপ ফ্রুটস এই তিন নামে চমকদার মোড়কে বাজারজাত করত। ডলফিন করপোরেশন নামে একটি কোম্পানির ব্যানারে মোড়কে বিএসটিআইয়ের সিলও ব্যবহার করা হতো।গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ গত বুধবার রাত ১২টার দিকে ধামরাই পৌর এলাকার চন্ড্রাইল নতুন দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ জুস ও পানীয়সহ, কাপড়ে দেওয়ার রং, দুর্গন্ধযুক্ত আমের গোলা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এ সময় পুলিশ কারখানার বিপণন ব্যবস্থাপক এমদাদ হোসেন, মালিকের ভাই সোহেল রানা ও শ্রমিক বাসুদেবকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে ধামরাই থানায় মামলা করেছেন। মামলায় কারখানার মালিক মজিবর রহমান, গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।পুলিশি অভিযান চলাকালে দুর্গন্ধের কারণে ওই কারখানার ভেতরে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি। বোতলজাত জুস ও পানীয়ের মোড়ক খুললেও দুর্গন্ধ পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া সোহেল রানা জানান, তাঁর চাচাত ভাই মজিবর রহমান তিন বছরের বেশি সময় ধরে এসব নকল জুস ও পানীয় তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরা পড়ার ভয়ে কোনো এলাকায় এক থেকে দেড় মাসের বেশি কারখানা রাখা হতো না। বুধবার রাতেই চন্ড্রাইল নতুন দক্ষিণপাড়ার ওই বাড়িটি থেকে তাঁদের সটকে পড়ার কথা ছিল। তিনি জানান, আম, স্যাকারিন ও রংমিশ্রিত পানি জাল করে তৈরি করা হতো জুস। আর এই পানির সঙ্গে রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হতো পানীয়।ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, হাতে তৈরি এসব জুস ও পানীয় পান করলে শিশুদের পেটের পীড়া, অ্যালার্জিসহ কিডনির সমস্যা হতে পারে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, কথিত ওই কারখানার মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে নকল জুস ও কোমল পানীয় তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। কারখানাটির বৈধ কোনো কাগজপত্র নেই। নেই বিএসটিআইয়ের অনুমোদনও।