ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে কারখানা কর্তৃপক্ষকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্জ্য-মিশ্রিত ক্ষতিকারক তরল ফেলে খালের পানি দূষিত করার দায়ে ঢাকার ধামরাইয়ের পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিল কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে তলব করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিবেশ দূষণের প্রমাণ পেয়ে তাঁদের অধিদপ্তরে তলব করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল আজ ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিল পরিদর্শনে যায়। এ সময় তাঁরা ড্রেন ও পাইপের সাহায্যে কারখানা থেকে পাশের কাওয়ালিপাড়া-শ্রীরামপুর-কাইঠামারা খালে বর্জ্য-মিশ্রিত তরল বর্জ্য ফেলতে দেখেন। পরে কারখানার ভেতরে গিয়ে তাঁরা ইটিপি বন্ধ পান এবং ড্রেনের সাহায্যে বিপুল পরিমাণ তরল বর্জ্য নিঃসারিত হতে দেখেন। এ সময় ড্রেনের পানি পরীক্ষা করে জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকারক উপাদান পান। এর পরই অধিদপ্তরের শুনানিতে হাজির হতে কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। আগামী বুধবার সকালে অধিদপ্তরে শুনানি অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে জানতে চাইলে এনফোর্সমেন্ট দলের নেতৃত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ ইটিপি বন্ধ রেখে ড্রেন ও পাইপের সাহায্যে ক্ষতিকারক তরল বর্জ্য খালে ফেলে পানি দূষণের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মধ্যে ফেলে অপরাধ করেছেন। এই অপরাধে তাঁদের অধিদপ্তরে তলব করা হয়েছে।

এ প্রসঙ্গে কারখানা ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, তাঁরা ইটিপির মাধ্যমে তরল বর্জ্য শোধন করেই খালে ফেলেন। তবে মাঝে মধ্যে নানা সমস্যার কারণে ইটিপি বন্ধ রাখা হয়। আজও কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তখনই পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল তাঁদের কারখানা পরিদর্শনে আসেন।