ধামরাইয়ে পরিবেশ দূষণের দায়ে জরিমানা
তরল বর্জ্য ফেলে খালের পানি দূষিত করার দায়ে ধামরাইয়ের পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুনানি শেষে গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর এ জরিমানা করে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত সদরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে পলিথিন রাখার দায়ে দোকানমালিকদের জরিমানা ও ফরমালিনযুক্ত আম ধ্বংস করেছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের একটি দল ১০ জুলাই ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকার পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিল পরিদর্শন করেন। সেখানে গিয়ে ড্রেন ও পাইপের সাহায্যে তরল বর্জ্য কারখানাসংলগ্ন কাওয়ালিপাড়া-শ্রীরামপুর-কাইঠামারা খালে ফেলতে দেখেন। এ সময় কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ ছিল। পরিদর্শক দল ড্রেনের পানি পরীক্ষা করে তাতে পরিবেশের জন্য ক্ষতিকারক উপাদান পান। এ কারণে কারখানা কর্তৃপক্ষকে অধিদপ্তরের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। গতকাল সকালে এই শুনানি অনুষ্ঠিত হয়।
কারখানার মালিকপক্ষ শুনানিতে অংশ নিয়ে দোষ স্বীকার করলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর তাদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গতকাল সাভারে অভিযান চালিয়ে চার টন পলিথিন জব্দ করেছেন। পৌর এলাকার নামাবাজারে চকরী ও ভরসা মার্কেটের আটটি দোকানে এ অভিযান চালানো হয়। ওই সব দোকানমালিককে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শারজিল হাসান।
অপর দিকে সাভার পৌর এলাকার গেণ্ডা ও বাসস্ট্যান্ডের কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস করা হয়। গত মঙ্গলবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।