ধামরাইয়ে পাখি মৃত্যুর কারণ বিষক্রিয়া, অ্যানথ্রাক্স নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে মৃত পাখির শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কীটনাশক মেশানো খাবার খেয়ে পাখিগুলোর মৃত্যু হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল বুধবার বিকেলে ইনস্টিটিউটের মহাপরিচালক খান শহিদুল হকের কাছে জমা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে।ধামরাই উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার কায়েতপাড়ায় শতাধিক চড়ুই পাখি, সাতটি কবুতর, সাতটি মুরগি ও আটটি হাঁস এবং দুটি কুকুর মারা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, জবাই করা গরুর রক্ত খেয়ে ওই পশুপাখিগুলোর মৃত্যু হয়। এ ঘটনার পর বিজ্ঞানীরা ঘটনাস্থল থেকে মৃত পাখির নমুনা সংগ্রহ করেন।প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা গিয়াস উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘মৃত পাখির খাদ্যনালিতে চালের দানা ও খুদ পাওয়া গেছে। এতে বিষের অস্তিত্ব ছিল। তবে খাদ্যনালিতে কোনো রক্ত পাওয়া যায়নি। হাঁস, চড়ুই ও কবুতর রক্ত খায় না। তাই রক্ত খেয়ে এসব প্রাণীর মারা যাওয়ার কোনো কারণ নেই।’ ধারণা করা হচ্ছে, ইঁদুর মারার জন্য চালকলের মালিকেরা চাল ও খুদের সঙ্গে কীটনাশক মিশিয়েছিলেন। কীটনাশক মেশানো চাল ও খুদ খেয়েই পাখিগুলো মারা গেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত কুকুরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই কুকুর দুটির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।ইনস্টিটিউটের মহাপরিচালক খান শহিদুল হক বলেন, পাখির শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের কোনো আশঙ্কা নেই। তাই পাখি মৃত্যুর এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।পশু জবাই আইন পাস করা হবে: দেশের বিভিন্ন স্থানে গবাদিপশু ও মানবদেহে অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে ঈদুল আজহার আগেই বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে। এ ছাড়া সংসদের আগামী অধিবেশনেই পশু জবাই আইন পাস করা হবে। এই আইন পাস হলে জবাইখানায় জবাইয়ের আগে পশুর দেহ পরীক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গতকাল দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।মন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স মোকাবিলায় এরই মধ্যে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঈদের আগে প্রাণিসম্পদ বিভাগের সব ছুটি বাতিল করা হয়। দেশজুড়ে গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের ১১টি জেলায় অ্যানথ্রাক্স দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৩৫০ জন মানুষ ও ৪২টি পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।