ধামরাইয়ে পিকআপ ভ্যান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
ঢাকার ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা জানায়, বৃহস্পতিবার রাতে হাইওয়ে পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশ ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের চালককে থামার সংকেত দিলে ভ্যানটি দ্রুত চলে যায়।
এ সময় পুলিশ ওই পিকআপ ভ্যানটির পিছু নেয়। একপর্যায়ে মহাসড়কের বাথুলি এলাকায় একটি ইটভাটার সামনে পিকআপ ভ্যানটি ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর হাইওয়ে পুলিশ ওই ভ্যানে তল্লাশি চালিয়ে আটটি গুলিসহ দুটি পিস্তল, একটি শটগান, চারটি ককটেল ও দুটি ছোরা উদ্ধার করে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিভিন্ন মহাসড়কে ডাকাতির ঘটনায় এ দলটি জড়িত থাকতে পারে। এ ব্যাপারে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে ধামরাই থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।