ধামরাইয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দিনদুপুরে বাড়িওয়ালার ফ্ল্যাটে ডাকাতি করেছে ভাড়াটিয়ার লোকজন। তারা ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।ধামরাই থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, ৭০ বছরের এক বৃদ্ধ গত রোববার ইদ্রিসের বাসার তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন। ইদ্রিস পরিবার নিয়ে তিনতলার অপর দুটি ফ্ল্যাটে থাকেন। গত সোমবার ওই বৃদ্ধ একটি খাট ও একটি তোশক নিয়ে ভাড়া ফ্ল্যাটে ওঠেন। গতকাল মালামালসহ পরিবারের অন্য সদস্যদের আসার কথা ছিল। ইদ্রিসের মেয়ে ফারহানা আক্তার বলেন, তাঁর বাবা ও ভাই বাসা থেকে বের হওয়ার পর ওই বৃদ্ধ বারবার তাঁর ফ্ল্যাটের দরজা খুলছিলেন। দুপুর ১২টার দিকে কাপড় রোদে দেওয়ার জন্য তাঁরা কেচি গেট খোলেন। এর কয়েক মিনিটের মধ্যেই সাতজন দুর্বৃত্ত তাঁদের ফ্ল্যাটে ঢুকে পড়ে।ইদ্রিসের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ডাকাতেরা ফ্ল্যাটে ঢুকে অস্ত্র দেখিয়ে তাঁদের জিমিঞ্চ করে একটি কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর হত্যার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে চাবি নিয়ে সিন্দুকের ভেতরে থাকা ৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুটে নেয়। ঘটনার পর থেকে ভাড়াটিয়া ওই বৃদ্ধের হদিস পাওয়া যাচ্ছে না বলে জানান ফারহানা।ইদ্রিস বেপারী বলেন, ‘এক ভাড়াটিয়া যাওয়ার আগে আমাদের জানান, আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিই। আরেক ভাড়াটিয়া চলে আসেন। তাঁদের বিস্তারিত কিছু রাখি না। এবার ডাকাতেরা কৌশলে আমার বাসা ভাড়া নিয়ে সুযোগ বুঝে ডাকাতি করেছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ইদ্রিস বেপারীর ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন।ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন বলেন, ‘বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই তাঁর নাম-ঠিকানা, ভোটার আইডি কার্ডের ফটোকপি, মুঠোফোনের নম্বর রাখতে হবে। কিন্তু বাড়ির মালিক ইদ্রিস বেপারী এসবের কোনো কিছুই না রেখে বাস ভাড়া দিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।’তবে তিনি বলেন, ‘সাভার, ধামরাই ও আশুলিয়া অঞ্চলের বাড়ির মালিকেরা বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ইদ্রিস বেপারীর মতোই ভাড়াটিয়ার নাম-পরিচয় রাখার বা জানার প্রয়োজন বোধ করেন না। আর এ কারণেই ইদ্রিস বেপারীকে খেসারত দিতে হয়েছে।’ পুলিশ আসামি ধরার জন্য তৎপর রয়েছে।