ধামরাইয়ে বংশী নদীতে ড্রেজার ডুবে ঘুমন্ত দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের বংশী নদীর ইসলামপুর ঘাটে বালু তোলার যন্ত্র ড্রেজার ডুবে ঘুমন্ত অবস্থায় দুই চাচাতো ভাইয়ের সলিলসমাধি হয়েছে। তাঁরা ডুবে যাওয়া ওই ড্রেজারেরই শ্রমিক।ধামরাই থানার পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় তাঁদের লাশ উদ্ধার করেছে। নিহত শ্রমিকেরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার ইন্দিরা গ্রামের শফিকুল ইসলাম তালুকদার (২৪) ও তাঁর চাচাতো ভাই ইসমাইল হোসেন তালুকদার (২৫)। ড্রেজারমালিক ঢাকার আশুলিয়ার নয়ারহাটের আবদুল মান্নান ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো ট্রলার থেকে বালু খালাস করে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ইসলামপুর ঘাটে ড্রেজার বেঁধে শফিক ও ইসমাইল ওই ড্রেজারেই ঘুমিয়ে পড়েন। রাত দুইটার পরে কোনো একসময় ড্রেজারটি পানিতে তলিয়ে যায়। শনিবার সকালে বালু ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন ইসলামপুর ঘাটে গিয়ে ড্রেজার না পেয়ে খোঁজ করতে থাকেন। খবর পেয়ে ড্রেজারমালিক বিষয়টি ধামরাই থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। দিনভর চেষ্টা করে পুলিশ গতকাল সন্ধ্যায় ড্রেজারটি তীরে ওঠায়। ড্রেজারের ভেতরে শফিক ও ইসমাইলের লাশ পাওয়া যায়। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহামেদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।