ধামরাইয়ে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ২০
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকার বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গতকাল শুক্রবার এলাকাবাসীর সঙ্গে বালু উত্তোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাইয়ের একটি প্রভাবশালী মহল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বরদাইল গ্রামের বংশী নদীর শাখা থেকে তিনটি বড় ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছে। এতে নদীর পাশের জমি ভাঙনের মুখে পড়ায় এলাকার লোকজন কয়েক দিন ধরে বালু উত্তোলন বন্ধ করার দাবি জানাচ্ছিলেন। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে বালু উত্তোলনকারীরা সশস্ত্র সন্ত্রাসীদের পাহারায় বালু উত্তোলন অব্যাহত রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে শতাধিক এলাকাবাসী বালু উত্তোলনে বাধা দেন। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে বালু উত্তোলনকারীদের ভাড়াটে সন্ত্রাসী বাহিনীর লোকজন এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে ভয়ে গ্রামবাসী চলে যান। বিকেল পাঁচটার দিকে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে আবারও বালু উত্তোলনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষে বিষয়টি নিশ্চিত করে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালীপদ সরকার বলেন, ধামরাইয়ের আওয়ামী লীগের কয়েকজন নেতা অবৈধভাবে বংশী নদী থেকে বালু উত্তোলন করছেন। এতে নদীর পাশের জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যোগাযোগ করা হলে ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুর রহমান বলেন, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরদাইলসহ আশপাশের কোনো এলাকায় বংশী নদী ও এর শাখাগুলো থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হয়নি। কেউ বালু উত্তোলন করলে তা নিজ দায়িত্বে করছে। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।