ধামরাইয়ে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামরাইয়ে বাসের চাপায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিন মোটরসাইকেল আরোহী। আজ মঙ্গলবার বিকেলে ধামরাইয়ের সোয়াপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে গোপালগঞ্জগামী সেবা গ্রিন লাইনের এক বাসের চাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। পুলিশ বাসটিকে আটক করেছে।

ধামরাই থানার এসআই অপূর্ব দাস প্রথম আলোকে জানিয়েছেন, নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্ধারবিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী মাগুরার আড়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি পারভেজ। অপর নিহত মোটরসাইকেল আরোহী হচ্ছেন ধামরাইয়ের ধাইরা গ্রামের বাসিন্দা রহমত আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই অপূর্ব দাস জানিয়েছেন, মোটরসাইকেল নিয়ে রহমত আলী সংযোগ সড়ক দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে আসছিলেন। ওই সময় দ্রুতগতিতে আসতে থাকা গ্রিন লাইন সার্ভিসের বাসটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। বাসের চালক ওই সময় মোটরসাইকেলটি এড়াতে ডান দিকে সরে যেতে গিয়ে উল্টোদিক থেকে আসা জাহাঙ্গীর হোসেনের মোটরসাইকেলের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। এসআই জানান, রহমত আলীর মরদেহ ধামরাই থানায় রাখা হয়েছে। আর জাহাঙ্গীর হোসেন ও তাঁর স্ত্রী শিউলি পারভেজের মরদেহ এখন ধামরাই ইসলামপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা ঢাকার বাসিন্দা আখতার হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, পাটুরিয়ায় যানজট থাকায় জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী প্রায়ই চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে মোটরসাইকেলে করে ঢাকায় আসতেন। মঙ্গলবার ফরিদপুর থেকে ঢাকায় আসছিলেন ঢাকা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা নেওয়ার জন্য।