ধামরাইয়ে ব্যবসায়ী, সাভারে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই এলাকা থেকে গত মঙ্গলবার একজন ব্যবসায়ী ও সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে রানা মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী রতন মিয়ার (৩২) গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর বাড়ি ধামরাই পৌরসভার আইঙ্গন গ্রামে। পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে রতন মিয়াকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আইঙ্গন গ্রামের আয়নাল সুমন হোসেন (২০) ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধামরাই থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শনিবার রাত ১০টার দিকে রতন আইঙ্গন এলাকার তাঁর দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দুই দিন পর মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌরসভার বিজয়নগর এলাকার তমিজ উদ্দিনের বাগানবাড়ির পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী ফরিদা বেগম গতকাল বুধবার ধামরাই থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সুমন, ফিরোজ, নূরু মিস্ত্রি, আলালসহ অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমাম হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পূর্বশত্রুতার জের ধরে রতনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই খুনের পুরো রহস্য উন্মোচিত হবে। এদিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে গত মঙ্গলবার রানা মিয়া নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে রানা মিয়াকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত রানা মিয়ার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায়। সে মায়ের সঙ্গে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার ভরালি নতুনপাড়া গ্রামে থাকত।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আবদুল্লাহ আল মামুন ও আল মামুন নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবদুল্লাহ আল মামুন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার বাসিন্দা। আর আল মামুনের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে। সে থাকত সাভারের রাজাসন এলাকায়।এ ঘটনায় রানার মা মুক্তা বেগম মঙ্গলবার সাভার থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আবদুল্লাহ আল মামুন, আল মামুনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মুক্তা বেগম জানান, আবদুল্লাহ আল মামুন ও আল মামুনকে তাঁরা ছেলের বন্ধু হিসেবে চিনতেন। সোমবার রাত আটটার দিকে তারাই তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন তাঁর ছেলের লাশ গ্রামের একটি ভুট্টাখেত থেকে উদ্ধার করে পুলিশ। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, গতকাল বুধবার আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি বলেন, আদালতে মামুন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামি আল মামুন নিহত রানার ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রেখে স্থানীয় একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।