ধামরাইয়ে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের আমছিমুর গ্রামে নান্নু মিয়া (৩৮) নামের একজন ব্যবসায়ীকে গত রোববার বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারা বেগম নামের এক প্রতিবেশীকে আটক করা হয়েছে। নান্নু মিয়ার পরিবার ও পুলিশ জানায়, রাতে নান্নুকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ির অদূরে একটি লেবুখেতে তাঁর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নান্নুর স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে সোমবার একটি হত্যা মামলা করেছেন। সুলতানা বেগম বলেন, তাঁদের সঙ্গে প্রতিবেশী হাসান মিয়ার পরিবারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ওই বিরোধের জের ধরেই তাঁর স্বামীকে হত্যা করা হতে পারে।কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই নান্নু খুন হয়েছেন। বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আনোয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।