ধামরাইয়ে ভাইয়ের হাতে স্কুলশিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রামে গতকাল সোমবার সকালে ভাইয়ের হাতে খুন হয়েছেন মাওলানা আবদুল হালিম (৪৮) নামের এক স্কুলশিক্ষক।ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাওলানা আবদুল হালিম বাপ-দাদার ভিটে ছেড়ে সম্প্রতি কালামপুর বাজারের পাশে নতুন বাড়ি করেছেন। এ জন্য বাবার মধ্যস্থতায় ভাইদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পুরোনো বাড়ি থেকে তাঁকে একটি টিনের ঘর দেওয়া হয়। গতকাল ওই ঘরটি নতুন বাড়িতে স্থানান্তর করার কথা ছিল। সকাল আটটার দিকে আবদুল হালিম লোকজন নিয়ে ওই ঘর আনতে গেলে ছোট ভাই আবদুর রহিম তাঁকে বাড়ি থেকে ২০০ গজ দূরে ডেকে নিয়ে যান। সেখানে আবদুর রহিম হঠাৎ করে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি তাঁর মাথায় আঘাত করেন। এতে আবদুল হালিমের মাথা ফেটে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে প্রথমে কালামপুর জনতা ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মারা যান।নিহত আবদুল হালিমের মেজ ভাই আবুল হোসেন জানান, জমি ও ঘরের ভাগ-বাটোয়ারা নিয়ে চার ভাইয়ের সঙ্গে ছোট ভাই আবদুর রহিমের বিরোধ দীর্ঘদিনের। আবদুর রহিম ছাড়া সবার সম্মতিতে পুরোনো বাড়ি থেকে বড় ভাই আবদুল হালিমকে একটি ঘর দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হন আবদুর রহিম। এর জের ধরেই আবদুর রহিম ভাইকে খুন করার পরিকল্পনা করেন।