ধামরাইয়ে মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কালামপুরে নির্ধারিত মজুরির দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-কালামপুর-সাটুরিয়া সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ সূত্রে জানা যায়, নির্ধারিত মজুরির দাবিতে কালামপুর বাজারের সোয়েটার ল্যান্ড নামের একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৭০০ শ্রমিক বেলা তিনটার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাজারসংলগ্ন ঢাকা-কালামপুর-সাটুরিয়া সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পুলিশ কর্মকর্তারা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন। কারখানার নজরুল ইসলাম, সানোয়ার ও হাসানসহ আরও কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, গত মার্চে তাঁদের নির্ধারিত মজুরির কম দেওয়া হয়েছে। নির্ধারিত মজুরির কথা বারবার বলা হলেও কর্তৃপক্ষ তাঁদের দাবি পূরণ করেনি। কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুল হান্নান বলেন, নিয়ম অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। গত মাস পর্যন্ত কারখানার সব শ্রমিকের বেতনই পরিশোধ রয়েছে। এর পরও কয়েকজন শ্রমিক অযৌক্তিক দাবিতে গতকাল কাজ বন্ধ করে বিক্ষোভ করেন।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, নির্ধারিত মজুরির দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করলেও পরে কোনো বিশৃঙ্খলা হয়নি।