ধামরাইয়ে যাত্রীবেশী ডাকাতদের হামলায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার রাতে বাসে ডাকাতদের হামলায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। বাকিরা যাত্রীদের নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে পালিয়ে গেছে।নিহত ব্যক্তিরা হলেন ধামরাইয়ের শ্রীরামপুরের আক্কাস আলী (৩০) এবং অপরজন বাসচালকের সহযোগী রাসেল (২২)। তিনি ফরিদপুর সদর উপজেলার সাত্তার মিয়ার ছেলে।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ডাকাতির শিকার বাসযাত্রী মানিকগঞ্জের কেওয়ারজানী গ্রামের ব্যবসায়ী বলাই সরকার জানান, ঢাকার গুলিস্তান থেকে মানিকগঞ্জে যাওয়ার উদ্দেশে তাঁরা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ওঠেন। সাভার বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে ১০ থেকে ১২ জন ডাকাত বাসটিতে ওঠে। বাসটি কালামপুর বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে দিয়ে কিছুদূর যাওয়ার পর পরই যাত্রীবেশী ওই ডাকাতেরা ধারালো অস্ত্রের মুখে সব যাত্রীকে জিম্মি করে। এরপর মালামাল লুটে নিতে থাকলে যাত্রীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতেরা যাত্রীদের চাপাতি ও দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে ডাকাতেরা আহত কয়েক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। বাস থেকে ফেলে দেওয়া যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।ব্যবসায়ী বলাই জানান, মালামাল লুটে নেওয়ার পর ডাকাতেরা বাসটি ধামরাইয়ের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে নিয়ে ঘুরিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক যাত্রী কৌশলে বাস থেকে নেমে শ্রীরামপুর বাজারে গিয়ে ব্যবসায়ীদের ঘটনাটি জানান। লোকজন ছুটে গিয়ে বাসটি ঘেরাও করে দুই ডাকাতকে আটক করে। বাকি ডাকাতেরা লুটে নেওয়া টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।শুভযাত্রা পরিবহনের এক মালিক জানান, কয়েক দিন আগেও একই স্থান থেকে ডাকাতেরা যাত্রীসহ শুভযাত্রা পরিবহনের একটি বাস ছিনতাই করে মালামাল লুটে নেওয়ার পর বাসটি গাজীপুরের কালিয়াকৈরে ফেলে রেখে যায়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, রাত সাড়ে ১২টা পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর আটক করা হয়েছে দুই ডাকাতকে। মামলার প্রস্তুতি চলছে।